Advertisement
জুমবাংলা ডেস্ক : রংপুরের পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলা ছাত্রদলের দুই সদস্য সচিব, নয় যুগ্ম আহ্বায়কসহ ২১ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। একই সঙ্গে ছাত্রদল রংপুর বিভাগীয় টিমের প্রধান আশরাফুল আলম ফকির লিংকনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সংগঠনের অগণতান্ত্রিক কর্মকাণ্ড ও তৃণমূলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে বিভিন্ন উপজেলায় কমিটি গঠন করার প্রতিবাদে তারা পদত্যাগ করেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি কর্তৃক রংপুর জেলা কমিটির নেতাদের মতামত প্রাধান্য দেয়া হয়নি। অসাংগঠনিক ও নিয়মবহির্ভূতভাবে অগণতান্ত্রিক পন্থায় অনিয়ম এবং অনৈতিক সুবিধা নিয়ে রংপুরের পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলা ছাত্রদলের কমিটির অনুমোদন করা হয়েছে।

এসব কমিটিতে তৃণমূলের ত্যাগী, যোগ্য নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে। আবার অনেক ত্যাগী নেতাকে মূল্যায়ন করা হয়নি। এ নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই বিক্ষুব্ধ নেতাকর্মীদের মাঝে গত বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান হিজবুল পদত্যাগ করেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে সদ্যঘোষিত রংপুরের পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলা ছাত্রদলের দুই সদস্য সচিব, নয় যুগ্ম আহ্বায়কসহ ২১ নেতাকর্মী পদত্যাগ করেছেন। একই সঙ্গে ছাত্রদল রংপুর বিভাগীয় টিমের প্রধান আশরাফুল আলম ফকির লিংকনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এটি নিশ্চিত করেছেন পীরগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোফাচ্ছেরুল ইসলাম মিলন ও গঙ্গাচড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল কাফি।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি স্থগিত করে তদন্ত করে তৃণমূলের মতামত নিয়ে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানানো হয়েছে। অন্যথায় গণপদত্যাগসহ বৃহত্তর কর্মসূচির হুমকি দেয়া হয়।

পদত্যাগকারীরা হলেন- পীরগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোফাচ্ছেরুল ইসলাম মিলন, যুগ্ম আহ্বায়ক জিসানুর রহমান জনি, হাবিব মিয়া, রাশেদ মিয়া, নুর আহাদ মণ্ডল, সদস্য মাসুদ রানা, মারমিন আখতার, ফরহাদ হোসেন হৃদয়, সোহাগ মিয়া ও গঙ্গাচড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল কাফি, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, মেহফুজুর রহমান জিম্মু, সায়েদুজ্জামান নয়ন, রাসেল মিয়া, আরিফ হাসান,সদস্য শাহাদত হোসেন সুফি, রাকিবুল ইসলাম অয়ন, মোস্তাফিজুর রহমান মিস্টু, নাঈম হাসান, হাসানুর আলম, নুরুল আউয়াল বাবু।

শুক্রবার বিকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে রংপুর জেলা সভাপতি মনিরুজ্জামান হিজবুলের হাতে তারা একযোগে পদত্যাগপত্র তুলে দেন। এ সময় রংপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান সুজন, মুনতাসির মামুন মুন্না, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন, পীরগাছা উপজেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সাইফুল্লাহ সজিবসহ রংপুর জেলা, পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পদত্যাগপত্রে বলা হয়- তৃণমূলের মতামত উপেক্ষা করে অনিয়মের আশ্রয় নিয়ে পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাই অবিলম্বে সদ্যঘোষিত কমিটি বাতিল করে তৃণমূলের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা দেয়ার দাবি জানান।

এর আগে ছাত্রদলের জেলা কার্যালয়ে জেলা কমিটির নেতাদের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সদ্যঘোষিত ২১১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছে। ওই কমিটিতে বিবাহিত, সন্তানের জনক, অছাত্র, ছাত্রলীগের নেতা, মাদকাসক্তদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ কমিটিতে যাদের নাম রয়েছে তাদের অনেকেই জেলার ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত নন। শুধু তাই নয়, জেলা কমিটির সুপারিশকৃত নাম বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান সুজন। উপস্থিত ছিলেন- জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মামুন মুন্না, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবনসহ নেতারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.