চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। সেমিফাইনালের আগেই বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকে বাদ পড়া দলটির প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি দিতে হবে। এমনটাই দাবি করেছে দেশটির বেশ কিছু সংবাদমাধ্যম।

যদিও বিষয়টি নিয়ে এখনো পিসিবির পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ক্রিকেটারদের এই শাস্তিতে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির। তার মতে, নির্বাচকদের জরিমানা করা উচিত।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৬টি ম্যাচ খেলেছে পাকিস্তান। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে জিতলেও হেরে গিয়েছিল ভারতের কাছে। আর সুপার এইটে নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। এরপর ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে চলে যায় দলটি। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও ব্যবধান বড় রাখতে না পারায় সেমিফাইনালের আগেই বাদ পড়ে সালমান আগার দল।
সংবাদমাধ্যমকে আমির বলেন, ‘জরিমানাই যদি সবকিছুর সমাধান হয় তাহলে সেটা নির্বাচক থেকে শুরু করে প্রশাসন–সবার ওপর প্রয়োগ করুন। খেলোয়াড়দের তো আর বন্দুক ধরে মাঠে নামানো হয়নি। ভুল কম্বিনেশনের জন্য নির্বাচকদেরও জবাবদিহি করতে হবে। তাদের জরিমানা দ্বিগুণ করুন। খেলোয়াড়দের বলির পাঁঠা বানানো বন্ধ করুন। এটাই আসল সমাধান নয়। সব সময় খেলোয়াড়দেরই কেন ভুগতে হবে?’
তিনি আরও বলেন, ‘সঠিক দলই যদি বাছাই করতে না পারেন তাহলে যারা এই দায়িত্বে আছে এবং পরিকল্পনা করেছে তাদের জবাবদিহি করতে হবে। ফখর জামান মাত্র দুই ম্যাচ খেলেছে। তাকে কি জরিমানা করবেন? সাহিবজাদা ফারহানকেও কি জরিমানা করা হবে?’
আরও পড়ুনঃ
জরিমানা সমাধান হতে পারে না উল্লেখ করে সাবেক এই পাক পেসার বলেন, ‘আমি প্রথম দিন থেকেই বলছি, ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ করুন। সেখান থেকেই মানসম্পন্ন খেলোয়াড় ওঠে আসবে। কারও ওপর রাগ থাকলে জরিমানা করবেন না, দল থেকে বাদ দিন। এরপর তাকে টানা দুই বছর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করতে। দল থেকে বাদ পড়ার মতো বড় শাস্তি একজন খেলোয়াড়ের জন্য আর কিছু হতে পারে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


