বিশেষ প্রতিনিধি: রাজধানীর খিলক্ষেত থানাধীন টানপাড়া এলাকায় জনসাধারণের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তার অংশ দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানপাড়ার জামতলা রোডে অবস্থিত খ–১৬৬ নম্বর বাড়ি, যা নুরু–রফিক গংয়ের মালিকানাধীন বলে এলাকাবাসী দাবি করেছেন, সেই বাড়ির সামনের জনচলাচলের রাস্তার একাংশ দখল করে সম্প্রতি একটি প্রাচীর নির্মাণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রায় এক ফুটের বেশি জায়গা জুড়ে প্রায় ২০ ফুট দৈর্ঘ্যের এই প্রাচীর নির্মাণের ফলে জামতলা রোডের সবচেয়ে সংকীর্ণ অংশটি আরও সংকুচিত হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, জামতলা মোড় সংলগ্ন এই সড়কটি দীর্ঘদিন ধরে টানপাড়া এলাকার অন্যতম প্রধান জনচলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রাস্তার ওই অংশটি এমনিতেই সরু হওয়ায় দুটি রিকশা পাশাপাশি চলাচলের সময় চালকদের অত্যন্ত সতর্ক থাকতে হয়। এমন অবস্থায় রাস্তার একটি অংশ দখল করে প্রাচীর নির্মাণ করায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ঘটনার বিষয়ে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বিশেষ সূত্রে খবর পেয়ে টানপাড়া এলাকার কয়েকজন সচেতন বাসিন্দা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা রাস্তার একাংশে প্রাচীর নির্মাণের বিষয়টি দেখতে পান। তবে সে সময় নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা গেছে।
পরে বাড়ির মালিকের সঙ্গে কথা বলার জন্য বাড়ির গেটে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া না পাওয়ায় বিষয়টি খিলক্ষেত থানাকে অবহিত করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করে।
স্থানীয়দের দাবি, আলোচনার একপর্যায়ে নতুন করে আর কোনো নির্মাণকাজ না করার বিষয়ে মৌখিক সমঝোতা হয়। তবে পরবর্তীতে রাতের বাকি সময়ে প্রাচীর নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তাদের কাছে থাকা ছবি ও ভিডিওতে বিষয়টি স্পষ্টভাবে দেখা যায় বলেও দাবি করা হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, জামতলা রোড দিয়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চলাচলের পথ। ফলে রাস্তার অংশ দখল করে স্থাপনা নির্মাণের ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
আরও পড়ুনঃ তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির কড়াকড়ি
এ বিষয়ে স্থানীয়রা খিলক্ষেত থানাসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সকল শাখার দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্তপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে জনসাধারণের চলাচলের রাস্তা অবৈধ দখল থেকে রক্ষা পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


