
আন্তর্জাতিক ডেস্ক : চীনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ডিজনির জনপ্রিয় এনিমেশন মুভি ‘মুলান’। সম্প্রতি মুভিটি রিমেক করার ঘোষণা দেয় ডিজনি যার শ্যুটিংয়ের জন্য বেছে নেয়া হয় চীনের জিনজিয়াংকে। আর ডিজনির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছে বিভিন্ন দেশে থাকা উইঘুর আন্দোলনকারীরা। এই আন্দোলনকারীদের একজন রুশান আব্বাস জানান, ডিজনির এই শ্যুটিংয়ের মাধ্যমে উইঘুরদের ওপর চলমান চীনের অত্যাচারকে প্রচ্ছন্নভাবে সমর্থন প্রদান করা হচ্ছে।
জিনজিয়াং-এর তারিম বেসিনে উইঘুরদের মূল বসবাস। সেখানে ‘মুলন’ মুভির শ্যুটিংয়ের জন্য বেছে নিলে এই অঞ্চলকে ঘিরে ও উইঘুরদের নিয়ে চলমান আন্দোলনে বাধাগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে।
জিনজিয়াংয়ের উরামকিতে বসবাস করতেন রুশান আব্বাস। তিনি বলেন, ‘যেখানে উইঘুরদের ওপর চালানো হয়েছে নৃশংস অত্যাচার, সেখানে মুভির শ্যুটিং করতে যাওয়ার মাধ্যমে আসলে এই অত্যাচারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হালকা করে ফেলা হচ্ছে। চীনে অনৈতিকভাবে আয় করা টাকা দিয়ে তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাচ্ছে দেখে আমরা দারুণভাবে দুঃখিত। অনেকেই উইঘুরদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে চীনের পণ্য বর্জন করছে। সেখানে ডিজনির এমন কার্যক্রম, চীনের অত্যাচারকে প্রচ্ছন্ন সমর্থন যোগাবে।
উইঘুরদের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়া এই নারী আরো বলেন, ‘আমার বোন অবসর প্রাপ্ত মেডিকেল ডাক্তার। তাকেও ২০১৮ সাল ধরে নিয়ে যাওয়ার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন ডিজনির শ্যুটিংয়ের কথা জানতে পারলাম, তখন আমার মনে হলো, তারা হয়ত শ্যুটিংয়ের সময় আমার বোনকে আটকে রাখা বন্দি শিবিরের পাশ দিয়ে হেঁটে যাবে।’
এ সময় তিনি আরো প্রশ্ন করেন, ‘চীনের যেই এলাকার কোন খোঁজ চীনের কর্তৃপক্ষের কাছে এত বছর ধরে চেয়েও আমরা পাচ্ছি না। যেখানের কোন তথ্য বিদেশের কোন গণমাধ্যমকে দেয়া হয় না। প্রবেশ করার ক্ষেত্রে যেখানে আছে প্রতিবন্ধকতা, সেখানে কিভাবে ডিজনি শ্যুটিংয়ের অনুমতি পায়, বিষয়টা কী তারা একবারও ভেবে দেখেছে?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


