Advertisement
স্পোর্টস ডেস্ক: পাঁজরের চোট থেকে সেরে উঠেই মাঠে ফিরছেন নেইমার। তথ্যটি নিশ্চিত করেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ টমাস টুখেল। তিনি বলেছেন, অনুশীলনে নতুন করে কোনো সমস্যা না হলে আজ বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে মাঠে দেখা যাবে নিশ্চিত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নেইমারকে নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন টুখেল। ২১ সদস্যের স্কোয়াডে ফিরেছেন ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেও। গেল শনিবার ফরাসি লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে পিএসজি ৪-৪ গোলে ড্র করেছিল আমিয়াঁর সঙ্গে। ওই ম্যাচে নেইমার ও এমবাপের কেউই ছিলেন না।

মঙ্গলবার রাতে বাংলাদেশ সময় রাত ২টায় ডর্টমুন্ডের বিপক্ষে সিনিয়াল ইদুনা পার্কে খেলতে নামবে প্যারিসিয়ানরা। তার আগে সংবাদ সম্মেলনে নেইমারের মাঠে নামা নিয়ে ইঙ্গিত দিয়েছেন টুখেল।

টুখেল বলেছেন, নেইমার ভালো আছেন। অনুশীলনে যদি কোনো কিছু আর না ঘটে (চোট বা শারীরিক অস্বস্তি), তাহলে তিনি মঙ্গলবার খেলবেন। তার ফিরে আসাটা আমাদের সবকিছুই বদলে দিয়েছে। আশা করছি, পরিবর্তনটা ইতিবাচক হবে।

গেল ১ ফেব্রুয়ারি লিগের ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে চোট পেয়েছিলেন নেইমার। চোট নিয়েই সেদিন পুরো ম্যাচ খেলেছিলেন তিনি। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের চোটে পড়ার খবর পিএসজি জানায় দুদিন পর। এ কারণে টানা চার ম্যাচে মাঠের বাইরে ছিলেন নেইমার।

সেলেসাও তারকার চোট কাটিয়ে ফিরে আসাটা পিএসজির জন্য সুসংবাদ হলেও ডর্টমুন্ডের জন্য তা বিপরীতধর্মী অর্থ বহন করে। তবে জার্মান ক্লাবটির কোচ লুসিয়েন ফাভ্রে বলেছেন, কেবল নেইমার নন, তাদের মাথাব্যথার কারণ হতে পারেন পিএসজির আরও বেশ কয়েকজন ফুটবলার। নেইমার অসাধারণ একজন খেলোয়াড় কিন্তু এমবাপে আর ডি মারিয়াও অসাধারণ।

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এবারই প্রথমবারের মতো মুখোমুখি পিএসজি ও ডর্টমুন্ড। এর আগে ইউরোপের সব ধরনের ক্লাব প্রতিযোগিতা মিলিয়ে তাদের দেখা হয়েছিল মাত্র একবার। ২০১০-১১ মৌসুমের ইউরোপা লিগের দুটি ম্যাচই ড্র হয়েছিল। ডর্টমুন্ডের মাঠে ম্যাচ শেষ হয়েছিল ১-১ সমতায়। আর পিএসজির মাঠে অনুষ্ঠিত লড়াইটি ছিল গোলশূন্য।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.