জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও এগারো দলীয় ঐক্যের সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন জরুরি সংবাদ সম্মেলন ডেকে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুরের পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ভোটের শেষ মুহূর্তে তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বিএনপির কর্মীরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তারা এখনো বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা করছেন।
তিনি অভিযোগ করেন, পীরগাছার পারুল ইউনিয়নে শাপলা কলি প্রতীকের এক নারী কর্মীর মাথার স্কার্ফ খুলে নেওয়ার চেষ্টা করেন বিএনপির এক কর্মী। একই সঙ্গে শাপলা কলির একটি মিছিল থেকে মাইক কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।
জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধেও অভিযোগ তুলে আখতার হোসেন বলেন, গত মঙ্গলবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবুর রহমান দেউতি এলাকায় গণসংযোগ করেন। এ সময় শাপলা কলি প্রতীকের কর্মীরা বাঁধা দিলে ভাড়াটিয়া লোকজন দিয়ে তাদের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। এছাড়া তার এজেন্টদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, গত মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির প্রার্থীর লোকজন কদমতলার একটি মাদ্রাসায় হামলার উদ্দেশ্যে গিয়েছিলেন। জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছেন এবং আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে মিছিল করেছেন বলেও অভিযোগ করেন আখতার হোসেন।
প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ তুলে তিনি বলেন, এসব বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তবে নানা অভিযোগের মধ্যেও আখতার হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, রংপুর-৪ আসনের (পীরগাছা ও কাউনিয়া) ভোটাররা শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন। নির্বাচনে কারচুপি বা যেকোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ আসনে বিএনপির এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আখতার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুহাম্মাদ জাহিদ হোসেনসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটের মাঠে সরব দেখা গেছে, বিএনপি, এনসিপি ও জাতীয় পার্টির প্রার্থীকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


