পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকিতে নেমেছেন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক মো. শওকত হোসেন সরকার। রোববার সকালে তিনি গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা ও জয়দেবপুর বাজার পরিদর্শন করে বিভিন্ন দোকান ও মার্কেট ঘুরে দ্রব্যমূল্য যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

বাজার পরিদর্শনের সময় প্রশাসক বিভিন্ন নিত্যপণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ পরীক্ষা করে দেখেন। এ সময় তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে বাজারে যাতে কৃত্রিম সংকট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি না ঘটে, সে বিষয়টি নিশ্চিত করতে সিটি করপোরেশন নিয়মিত বাজার মনিটরিং করছে।
তিনি বলেন, আমরা চাই রমজান মাসে সাধারণ মানুষ যেন স্বস্তিতে নিত্যপণ্য কিনতে পারে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে কয়েকজন ব্যবসায়ী তাদের পণ্যের ক্রয়মূল্যের রশিদ দেখাতে পারেননি। তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি অযৌক্তিকভাবে দাম বাড়ায় বা অনিয়ম করে, তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদেরও সামাজিক দায়িত্ব রয়েছে। রমজানের মতো সংযমের মাসে অতিরিক্ত মুনাফার মানসিকতা পরিহার করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসানসহ বাজার কমিটি ও দলীয় নেতারা পরিদর্শনে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


