
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিতর্কিত হিন্দু ধর্মগুরু গুরমিত রাম রহিম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গতকাল রবিবার তাকে হরিয়ানার সুনারিয়া জেল থেকে গুরুগ্রামের বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, সেখানে তার করোনা পরীক্ষা করা হলে, রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের করোনা ওয়ার্ডে আছেন ৫৩ বছর বয়সী কারাবন্দি রাম রহিম।
ডেরা সচ্চা সৌদা নামের বিতর্কিত একটি ধর্মীয় সংগঠনের প্রধান এই রাম রহিম। হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ার পর ২০ বছরের জেল হয়েছে তার।
জানা গেছে, তিন দিন আগে পেটে ব্যথা শুরু হয় রাম রহিমের। পরে তাকে রোহতকের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে নিয়ে গিয়ে কয়েকটি পরীক্ষা করানো হয়। যদিও করোনা পরীক্ষা করতে রাজি হচ্ছিলেন না তিনি। পরে গতকাল তার করোনা পরীক্ষা করা হয়। এরপর রিপোর্ট পজিটিভ আসে।
রাম রহিম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর কারাগারের অন্য বন্দিদেরও হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসংগত, ২০১৭ সালে ধর্ষণের মামলায় গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে আদালত রায় ঘোষণার পর রণক্ষেত্রে পরিণত হয় ভারতের পাঞ্জাব-হরিয়ানা রাজ্যের বিভিন্ন এলাকা। ওই সময় রাম রহিমের বিষয়টি বেশ আলোচনায় এসেছিল।
সূত্র : ইন্ডিয়া টুডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


