ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হচ্ছে। অধিবেশনেই নির্বাচন করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। ক্ষমতাসীন দল থেকে স্পিকার এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, স্পিকার সরকারি দল থেকেই হবেন। তবে ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর প্রস্তাব অনুযায়ী বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিধান রাখা হয়েছে। এটি রাষ্ট্রব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে সংসদ পরিচালনায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিদ্যমান সংবিধান অনুযায়ী সাধারণত স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়ই সরকারি দল থেকে নির্বাচিত হন।
সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে আমরা রাজনৈতিক সমঝোতার দলিলের বাস্তবায়ন শুরু করতে চাই। আমাদের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে প্রস্তাব দেওয়া হয়েছে, তারা যেন ডেপুটি স্পিকারের নাম নির্ধারণ করে। স্পিকার নির্বাচনের দিনই একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন।’
বিরোধী শিবিরে এ পদে পাঁচজনের নাম আলোচনায় রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, দলটির চার সংসদ সদস্যের নাম ঘুরছে আলোচনায়। তারা হলেন— পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসনের ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসনের ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদী। তাদের মধ্যে নাজিবুর রহমান মোমেনের নাম এগিয়ে রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও ডেপুটি স্পিকার পদ চাওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও সদস্যসচিব আখতার হোসেনের নাম মৌখিকভাবে প্রস্তাব করা হয়েছে। এনসিপির এক দায়িত্বশীল নেতা জানান, জোটের পক্ষ থেকে এনসিপিকে পদটি দেওয়ার বিষয়ে জামায়াতে ইসলামীকে জানানো হয়েছে এবং আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হতে পারে।
রাজনৈতিক দল ও বিশিষ্ট পেশাজীবীদের সম্মানে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি এ বিষয়ে প্রস্তাব দিয়েছে এবং জুলাই সনদের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে দলীয় ফোরামে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


