আগামী বুধবার (৪ই মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে আয়োজিত ইফতার কর্মসূচিতে গরুর মাংসের পরিবর্তে মুরগির আইটেম রাখার সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

তারা দাবি করছেন, শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামক শিক্ষার্থীদের নিজস্ব ফেসবুক পেইজে চলছে সমালোচনা।
এছাড়াও ডাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্ত শিক্ষার্থী বান্ধব না বলে ক্ষোভ প্রকাশ করছেন।
ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ তার পোস্টে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক হলে আগামী ৪ মার্চ যে ইফতার দেওয়া হবে সেখানে গরু বাদ দেওয়া হয়েছে। অথচ গতবছরগুলোতে গরু দেওয়া হতো। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন ইফতারে গরু বাদ দিয়ে মুরগি দিয়ে রিপ্লেস করে শিক্ষার্থীদের অধিকার হরণ করতেছে।’
অন্যদিকে ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে নারী হলগুলোতে কখনোই গরু রাখা হয় না। সেহেরিতেও চাইলে তারা প্রয়োজন মতো গরু খেতে পারে না। ঢাবির ইফতার মাহফিলের এই মাত্র একদিন গরু খাওয়ার সুযোগ হয়। সে অধিকার কেড়ে নিলে সাধারণ শিক্ষার্থী মেনে নিবে না। ঢাবিতে ভদ্রভাবে বললে কাজ হয় না, মুসলিম দেশে গরু খাওয়ার জন্যও আন্দোলন করা লাগে।’
পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ আরও জানান, আজকে আমরা প্রায় সব হলের নির্বাচিত প্রতিনিধিদের একত্রে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়কের সঙ্গে সাক্ষাৎ করি। আমাদের নিরবচ্ছিন্ন দাবির প্রেক্ষিতে আজ রাতে অনলাইনে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির একটি মিটিং আহ্বান করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, উক্ত সভায় শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে আবারও উপেক্ষা করে ইগো ধরে রেখে পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে এবং গরুর পরিবর্তে মুরগির আইটেমই চূড়ান্ত করা হয়েছে।’
সাধারণ শিক্ষার্থীরা হল প্রশাসনকে চাপ দিলে তারা তাদের গৃহীত সিদ্ধান্ত জানিয়ে দেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা প্রশাসনের এই সিদ্ধান্তকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি বলে জানায় এবং ইফতার কর্মসূচি বয়কটের ডাক দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


