Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ প্রার্থী তাপসের নামে মামলা না থাকলেও বিএনপি প্রার্থী ইশরাকের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে।

সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণের দুই প্রার্থীই উচ্চশিক্ষিত। তবে আয় এবং সম্পদের দিকে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের চেয়ে ঢের এগিয়ে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তাপসের নামে কোন মামলা না থাকলেও, ইশরাকের বিরুদ্ধে দুর্নীতির একটি মামলা আদালতে বিচারাধীন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নুর তাপস সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে।   এলএলবিতে স্নাতক এবং ব্যারিস্টার। পেশা আইনব্যবসা।

হলফনামার তথ্য অনুসারে, শেখ ফজলে নুর তাপসের বছরে মোট আয় ৯ কোটি ৮১ লাখ ৩৮ হাজার ৪৬ টাকা। এর মধ্যে আইন পেশা থেকে আয় ১ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা। বাকি আয় কৃষি, ঘর ভাড়া, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতসহ অন্যান্য খাত থেকে। তাঁর ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ২ কোটি ১৫ লাখ ৬৪ হাজার ৩৯২ টাকা। তাঁর হাতে নগদ আছে ২৬ কোটি ৩ লাখ ৩ হাজার ৫৫৭ টাকা। নিজের নামে তিনটি ও স্ত্রীর একটি গাড়ি আছে।সব মিলিয়ে ১০৮ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ৪৪৩ টাকার অস্থাবর সম্পদের মালিক তিনি। ফজলে নূরের দায়দেনার মধ্যে অগ্রিম বাড়ি ভাড়া বাবদ নেয়া আছে ৪ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা। অতীতে তাঁর নামে দুটি মামলা থাকলেও খারিজ হয়ে গেছে।

দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি ডিগ্রিধারী। ইশরাক চারটি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক, একটিতে অংশীদার এবং একটির স্বত্তাধিকারী। হলফনামা অনুসারে, বিভিন্ন উৎস থেকে তার বার্ষিক আয় ৯১ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকা।সব মিলিয়ে ইশরাকের স্থাবর ও অস্থাবর সম্পদ আছে ৫ কোটি ৭৬ লাখ ৭১ হাজার ৫৯৬ টাকার। তাঁর হাতে নগদ টাকা আছে মাত্র ৩৩ হাজার ১০৯ টাকা।

ইশরাকের ৬৫ লাখ ৪৬ হাজার ৭৪৩ টাকার দায়দেনা আছে। এর মধ্যে তাঁর মায়ের কাছ থেকে ৬১ লাখ ৩৭ হাজার ২২২ টাকা ঋণ নিয়েছেন। হলফনামা অনুযায়ী তার নামে কোন গাড়ীও নেই। ইশরাকের নামে দুর্নীতি দমন কমিশনের একটি মামলা বিচারাধীন রয়েছে।

শেখ মনিপুত্র শেখ তাপসের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও তরুণ ইশরাক এদিক থেকে পিছিয়ে। তাপস গেল তিন সংসদ নির্বাচনেই ঢাকা ১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাবেক মেয়র খোকাপুত্র ইশরাক রাজনৈতিক পরিবারের হলেও এবারই প্রথম কোন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.