
জুমবাংলা ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের ঢেউ এ উপমহাদেশেও আসবে। তারা নিজেদের জানান দেওয়ার জন্য নানা ধরনের অপতৎপরতা অব্যাহত রাখবে। তবে তালেবানের ঢেউ যেন এ দেশে আসতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই সতর্ক অবস্থানে আছে।’
সোমবার (১৬ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
কমিশনার বলেন, ‘ইরাকে মার্কিন বাহিনী জঙ্গিবিরোধী অভিযান শুরু করে। সেসময় ইসলামি স্টেট (আইএস) নামে একটি জঙ্গী সংগঠনের উদ্ভব হয়। যার প্রভাব এশিয়াসহ বিশ্বের সব দেশে পড়ে। বাংলাদেশেও এর বাইরে ছিল না। কিন্তু এ দেশের আইনশৃঙ্খলা বাহিনী শক্ত হাতে আইএস-এর আদলে এদেশীয় তৈরি জঙ্গিদের পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তাদের এখন আর আগের মতো জানান দেওয়ার ক্ষমতাও নেই। এখন আফগানিস্তান দখল করেছে তালেবানরা। তারা এখন নিজেদের জানান দেওয়ার জন্য আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক নানাভাবে চেষ্টা করবে।’
শফিকুল ইসলাম বলেন, ‘তাদের এ উত্থানে অনেকেই কথিত হিযরতে গেছে। এদেশ থেকেও অনেকে গিয়ে তালেবানদের সঙ্গে হিজরতের যোগদান করেছে। তারা আফগানিস্তান দখলে নেওয়ার পর তাদের দোসর কিংবা সহযোগিদের দিয়ে এশিয়া মহাদেশের দেশগুলোতে প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে। এ আশঙ্কার বাইরে বাংলাদেশও নয়। তবে তারা যেন জঙ্গি বা তালেবানের নামে এদেশে কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক তৎপর রয়েছে।’
সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, ‘এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সবারই সহযোগিতা করা উচিত। বিশেষ করে কোনো পরিবারের সন্তান যদি নিখোঁজ থাকে তার ব্যাপারে সম্ভাব্য সব স্থানে খোঁজখবর নেওয়ার পরও যদি পাওয়া না যায়- সেক্ষেত্রে পুলিশকে জানাতে হবে। পুলিশ নিখোঁজকে খুঁজে কিংবা তার ব্যাপারে গোয়েন্দা নজরদারি রাখতে পারবে। আর এভাবে সবাই যদি সহযোগিতা করেন, তাহলে তালেবানদের সঙ্গে হিযরতে কারা কারা যোগদান করেছে সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


