আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি প্রতিরক্ষা ঘাঁটিতে গাড়ি ভর্তি বিস্ফোরক চালিয়ে দেওয়ায় আট নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। শনিবারের এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে এই হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তিতে সহিংসতা কমানো এবং আল কায়েদার সঙ্গে সম্পর্ক কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয় তালেবান। তবে সম্প্রতি ওয়াশিংটন অভিযোগ করেছে তালেবান ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না। এর দুই দিনের মাথায় আফগান নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালালো বিদ্রোহী গোষ্ঠীটি।
নাঙ্গাহারের গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিস্ফোরক ভর্তি একটি হাম্ভি গাড়ি নিয়ে প্রতিরক্ষা ঘাঁটিতে ঢুকে পড়ার চেষ্টা চালায় এক আত্মঘাতী হামলাকারী। নিরাপত্তা কর্মীরা বাধা দিলে সেখানেই গাড়িটি বিস্ফোরণ ঘটানো হয়।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের এক সদস্যই এই হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন আগ্রাসনে আফগানিস্তানে উৎখাত হয় তালেবান সরকার। তারপর থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে সশস্ত্র গোষ্ঠীটি। দীর্ঘ যুদ্ধ অবসানে ২০১৮ সালের জুনে কাতারে তালেবান বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা চূড়ান্ত হওয়ার আগে আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় অস্বীকৃতি জানিয়ে আসছিল তালেবান। কেননা, আফগান সরকারকে তারা যুক্তরাষ্ট্রের পুতুল মনে করে। তালেবানের দাবি, যুক্তরাষ্ট্রের নির্দেশনার বাইরে কিছুই বলতে পারে না আফগান সরকার। ফলে তাদের সঙ্গে আলোচনা অর্থহীন। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার অনুরোধে তারা সরকারের সঙ্গে শর্ত সাপেক্ষে আলোচনায় সম্মত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


