
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি। সোমবার রাতে বাংলামোটর থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগের পরীবাগ পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম। এতে সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।
এ সময় তারা বলেন, ‘সরকার এর আগে সরকার কথা দিয়েছিল আর তেলের দাম বাড়াবে না। অথচ আমরা দেখলাম, দেশের মানুষ যখন ঈদ-আনন্দে ব্যস্ত, তখন হঠাৎ করে তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো। জ্বালানি তেলের দাম বাড়ালে সব নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এখন আমাদের প্রশ্ন, এই যে সরকার বারবার তেলের দাম বাড়াচ্ছে, তারা কি জনসাধারণের কথা একবারও ভাববে না?
তারা অভিযোগ করেন, বর্তমান সরকার গুলশান-বনানীর উচ্চবিত্ত মানুষের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয়; জনসাধারণের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয় না। না হলে এত দ্রুত আবার তেলের দাম বৃদ্ধি করত না। আওয়ামী লীগ সরকার যেমন জ্বালানি ক্ষেত্রে ব্যাপক লুটপাট চালিয়েছে, বর্তমান সরকারও একই কায়দায় লুটপাট করে জনগণকে ভোগান্তিতে ফেলছে।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে তারিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জনগণের ভোগান্তির সমাধান না করে নিজের পিআর ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত। তার পিআর ক্যাম্পেইন দেখলে মনে হয়, জনগণের প্রধানমন্ত্রী না হয়ে তিনি গুলশান-বনানীর প্রধানমন্ত্রী হতে চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



