Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনা সংক্রমণ রোধের লকডাউন উঠে যাওয়ার পর ১৫ এবং ১৬ জুলাই দু’দিনে ঢাকা ছেড়েছে প্রায় ১৭ লাখ মোবাইল সিম। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, দুই দিনে ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭টি সিম ঢাকার বাইরে গিয়েছে। এ সংখ্যা রোজার ঈদের আগের দিনগুলোর তুলনায় কম হলেও করোনায় মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধির এ দুঃসময়ে মহামারী আরো ছড়ানোর ভয় তৈরি করছে।

সিমের সংখ্যা দিয়ে ঢাকা ছেড়ে যাওয়া প্রকৃত মানুষের সংখ্যা জানা সম্ভব নয়। শুধুমাত্র ধারণা পাওয়া সম্ভব। অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার অনেকে মোবাইল ফোন ব্যবহার করেন না। মোবাইল ব্যবহার না করা বহু শিশু অভিবাবকের সঙ্গে ঢাকা ছেড়েছে।

গত ঈদুল ফিতরে লকডাউনে গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও প্রায় এক কোটি ১০ লাখ সিম ঢাকা ছেড়েছিল। ‘ইউনিক ইউজার’ বিবেচনায় এর ব্যবহারকারী ছিলেন ৭০ লাখ মানুষ। তাদের সঙ্গে মোবাইল ব্যবহার না করা ব্যক্তি এবং শিশুর সংখ্যা ধরলে রোজার ঈদে প্রায় কোটি মানুষ ঢাকা ছেড়েছিল বলে ধারণা করা হয়।

সেই তুলনায় এবারের ঢাকা থেকে গ্রামমুখী মানুষের সংখ্যা কম। ১ জুলাই ‘কঠোর’ লকডাউন শুরুর আগেই বহু মানুষ ঢাকা ছেড়েছেন। তার আগের কয়েকদিন ঈদযাত্রার মতো ভিড় ছিল সড়কে এবং ফেরি ঘাটে। পরিবহন ব্যবসার সঙ্গে সংশ্নিষ্টরাও বলছেন, ঈদে যারা গ্রামে যান তাদের বড় অংশ আগেই চলে গেছেন। এখনকার তুলনায় লকডাউন শুরুর আগে যাত্রী বেশি ছিল।

ঈদের একদিন পর ২৩ জুলাই ভোর ছয়টা থেকে আবার ‘কঠোর’ লকডাউন শুরু হচ্ছে। তাতে সব বন্ধ থাকলে ঘোষণা দিয়েছে সরকার। গ্রামে গিয়ে আটকে পড়ার ভয়ে অনেকে ঈদে গ্রামে যাচ্ছেন না। লকডাউনের কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় এবং অফিস, দোকান পাট বন্ধ থাকায় অনেকে আগে থেকেই শহর ছেড়ে গ্রামে রয়েছেন।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। যে অল্প কিছু অফিস ও কলকারখানা খোলা রয়েছে সেগুলো বন্ধ হবে সোমবার থেকে। তাই গ্রামমুখী যাত্রী বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কলকারখানা ও গার্মেন্টস ছুটির পর সাধারণ ঈদে শহর ছেড়ে গ্রামে যাওয়া মানুষের ভিড় বাড়ে। ঈদের পর লকডাউনে কলকারখানা বন্ধ থাকবে কী না তা এখনো নিশ্চিত নয়। বন্ধ থাকলে লাখ লাখ কর্মী গ্রামে ছুটতে পারেন।

মন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, গত ঈদের মতো এবারও বিটিআরসি ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব দিয়েছেন। গত ১৫ ও ১৬ জুলাই ঢাকা ছেড়েছে মোট ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ সিম ব্যবহারকারী।

মন্ত্রী জানিয়েছেন, ঢাকা ছেড়ে যাওয়া গ্রামীণফোনের সিমের সংখ্যা সাত লাখ ৭৪ হাজার ৮৮৪টি, রবি সিমের সংখ্যা তিন লাখ ৪২ হাজার ৮২ জন, বাংলালিংকের সিমের সংখ্যা চার লাখ ৬৪ হাজার ৪৯২টি জন এবং টেলিটকের সিমেরন সংখ্যা এক লাখ ১২ হাজার ২২৯টি। ১৫ জুলাই ঢাকা ছেড়েছে সাত লাখ ৩১ হাজার ২১৮টি সিম। ১৬ জুলাই ঢাকা ছেড়েছে ৯ লাখ ৬২ হাজার ২১৮টি সিম।

১৫ জুলাইয়ের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ বেশি সিম ১৬ জুলাই ঢাকা ছেড়েছে। ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত বৃদ্ধির এ ধারা অব্যহত থাকলে এবার ৮০ থেকে ৯০ লাখ সিম ঢাকা ছাড়বে। গত ঈদের সঙ্গে তুলনা করলে এবার ৫০ লাখের বেশি ‘ইউনিক ইউজার’ বা মানুষের ঢাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.