এই মুহূর্তে ইরানে একযোগে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরান অংশ নিলে তা নিয়ে তার “কোনো মাথাব্যথা নেই”। চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর দিকে পাল্টা আক্রমণ চালায়। এতে করে পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে।
২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে আসরটি। ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, “আমি সত্যিই পরোয়া করি না। ইরান এখন ভীষণভাবে দুর্বল একটি দেশ।”
এ বিষয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার মন্তব্য জানতে চাওয়া হয়েছে।
ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তাদের গ্রুপপর্বের প্রথম ম্যাচ লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে। শেষ ম্যাচটি সিয়াটলে মিশরের বিপক্ষে হওয়ার কথা।
গত বছর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালালেও ইরান তখন বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়নি। তবে বর্তমান পরিস্থিতি আরও গুরুতর হওয়ায় দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
ইরানি টেলিভিশনে তিনি বলেন, “এই পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়া আমাদের প্রত্যাশার বাইরে।” ক্রীড়া কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
এদিকে ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম বলেছেন, “সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজনই আমাদের প্রধান লক্ষ্য”।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


