
জুমবাংলা ডেস্ক : সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, আজও ষড়যন্ত্র চলছে এমন মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহতের জন্য শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ষড়যন্ত্র আজও থেমে নেই। বাংলার বাতাসে এখনও ষড়যন্ত্রের গন্ধ রয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে, কিন্তু আমরা রাজপথ ছাড়িনি। আজ সরকার হটানো ও দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে আমাদের তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। এটাই হোক বঙ্গবন্ধুর জন্মদিনে আজকে আমাদের শপথ।
রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একটি নাম যা স্বমহিমায় প্রতিষ্ঠিত। তার নাম মুছে ফেলার অনেক চেষ্টা হয়েছে। বঙ্গবন্ধু আজ বাঙালির কাছে স্ব-মহিমায় উদ্ভাসিত। তার জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে বিশ্ব নেতারা আজ সাড়া দিয়েছেন।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে স্মরণ করতে হলে তার কন্যা শেখ হাসিনাকেও স্মরণ করতে হবে। কারণ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনা ছাড়া বাস্তবায়ন সম্ভব ছিলো না। তিনি ধ্বংস স্তপের উপর সৃষ্টির পতাকা উড়ান। তার নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আখতার প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


