দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

জুমবাংলা ডেস্ক : জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। পিইসিতে (পোস্ট ইনিউমারেশন চেক) আরও ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন যোগ হয়ে দেশের সমন্বয়কৃত মোট জনসংখ্যা হলো ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লীতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে।

দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ

এ ছাড়া দেশে মোট জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ বা প্রায় ৯ কোটি ৪০ লাখ মানুষের বয়স ২৯ বছরের কম। অর্থাৎ, তারুণ্যের কারণে জনসংখ্যার যে জনমিতিক সুবিধা, তা পুরোপুরি বাংলাদেশের অনুকূলে রয়েছে। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার সমন্বয়কৃত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। প্রতিবেদনে দেখা যাচ্ছে, দেশে ২৯ বছরের কম বয়সীদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ। এর মধ্যে ১৫ থেকে ১৯ বছর বয়সীদের সংখ্যাই সবচেয়ে বেশি। এ বয়সী জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১ কোটি ৭২ লাখ, যা মোট জনসংখ্যার ১০ দশমিক ১০ শতাংশ। দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা সামান্য বেশি, এক-তৃতীয়াংশের বসবাস শহরে, আর সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে।

অন্যদিকে জনশুমারি ও গৃহগণনায় ৮৫ হাজার ৯৫৭ জনের আংশিক তথ্য পাওয়া গেছে। তাদের লিঙ্গসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য পাওয়া যায়নি। এসব জনগোষ্ঠী পুরুষ, নারী নাকি তৃতীয় লিঙ্গের সে বিষয়ে কোনো কিছুই শনাক্ত করতে পারেনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জনশুমারির সমন্বয়কৃত গণনা অনুযায়ী দেশে ২৯ বছরের কম বয়সী জনগোষ্ঠী মোট জনসংখ্যার ৫৬ দশমিক ৭৭ শতাংশ। অর্থাৎ বর্তমানে দেশে প্রায় ৯ কোটি ৪০ লাখ জনসংখ্যার বয়স ২৯ বছরের কম।

গতকাল রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে গত বছরের জুনের জনশুমারির সমন্বয়কৃত তথ্য প্রকাশ করা হয়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম অনুষ্ঠানে বক্তব্য দেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন এবং বিবিএসের মহাপরিচালক মো. মতিয়ার রহমানও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

প্রতিবেদনে বয়সভিত্তিক জনসংখ্যার হিসাবে দেখা যায়, দেশে বর্তমানে ১০ থেকে ১৪ বছর বয়সী জনসংখ্যা ১ কোটি ৬৮ লাখ বা ৯ দশমিক ৯২ শতাংশ, ৪ বছরের কম বয়সী রয়েছে ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার বা ৯ দশমিক ৫৮ শতাংশ।

৫ থেকে ৯ বছর বয়সী জনসংখ্যা ১ কোটি ৫৮ লাখ বা ৯ দশমিক ৩১ শতাংশ; ২০ থেকে ২৪ বছর বয়সী জনসংখ্যা ১ কোটি ৫৫ লাখ বা ৯ দশমিক ১৭ শতাংশ এবং ২৫ থেকে ২৯ বছর বয়সী জনসংখ্যা ১ কোটি ৪৭ লাখ বা ৮ দশমিক ৬৯ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, দেশে ৩৫ বছরের কম বয়সীর সংখ্যা মোট জনসংখ্যার ৬৪ শতাংশের কিছু বেশি বা ১০ কোটি ৮৭ লাখের কিছু বেশি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘এটা একটা বিশাল সুসংবাদ। আমরা যে জনমিতিক সুবিধার কথা বলি সেটা এখনো ভালোমতো বহাল আছে। এখনো আমাদের মোট জনসংখার গড় বয়স মাত্র ২৮ বছর। সুতরাং বাংলাদেশ কাক্সিক্ষতভাবেই এগোচ্ছে।’ বিশাল এই তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে আরও উন্নত গবেষণার ওপর জোর দেন তিনি।

মূল প্রবন্ধে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ প্রকল্পের পরিচালক মো. দিলদার হোসেন বলেন, গত বছরের ১৫ থেকে ২১ জুন বিবিএস দেশব্যাপী যে জনশুমারি ও গৃহগণনা করেছিল, তার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দেশের গণনাকৃত মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। নিয়ম অনুযায়ী সেই শুমারি যাচাই করে বিআইডিএস। সরকারি এ গবেষণা প্রতিষ্ঠানটি গত বছরের ১০ থেকে ১৬ অক্টোবর দেশের মোট ৩৭৮টি গণনা এলাকায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে পিইসি জরিপ পরিচালনা করে। বিআইডিএস এর ওই যাচাই জরিপে দেশের মোট জনসংখ্যার প্রায় ২ দশমিক ৭৫ শতাংশ বা ৪৬ লাখ ৭০ হাজার মানুষ গণনা থেকে বাদ পড়েছিল বলে জানানো হয়। ৬ ফেব্রুয়ারি বিআইডিএসের এক অনুষ্ঠানে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন বলে জানানো হয়। প্রাথমিক প্রতিবেদনে, পুরুষের সংখ্যা ছিল ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪; নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ এবং হিজড়ার সংখ্যা ১২ হাজার, ৬২৯। সমন্বকৃত গণনার তথ্য অনুযায়ী পুরুষের সংখ্যা ২ দশমিক ৮১ বেড়ে ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ (৪৯.৫১ শতাংশ); নারী ২ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ (৫০.৪৩ শতাংশ) হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, দেশের এই মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ গ্রামে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে।

সমন্বয়কৃত জরিপে সবচেয়ে বেশি ২৬ দশমিক ৮৮ শতাংশ জনসংখ্যা ঢাকা বিভাগে, ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯১৫। প্রাথমিক জরিপে এ সংখ্যা ছিল ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৫৮১ জনের বসবাস চট্টগ্রাম বিভাগে, যা মোট জনসংখ্যার প্রায় ২০ দশমিক ১৩ শতাংশ এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৩ লাখ ৫৩ হাজার রয়েছে রাজশাহী বিভাগে, যা মোট জনসংখ্যার ১২ দশমিক ২৪ শতাংশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.