জুমবাংলা ডেস্ক : রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত এক যুবককে ‘ধর্ষক’ হিসেবে শনাক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভুক্তভোগী ছাত্রী। গ্রেপ্তার হওয়া যুবকের ছবি দেখে তাকে শনাক্ত করেছেন তিনি।
আজ বুধবার সকালে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর দেওয়া বর্ণনা অনুযায়ী ধর্ষকের চেহারার একটি ‘স্বচ্ছ ধারণা’ পাওয়া গেছে। তার ভিত্তিতেই এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে সেই যুবকের ছবি তুলে ভুক্তভোগী শিক্ষার্থীকে দেখানো হয়। তিনি তাকে ধর্ষক বলে শনাক্ত করেছেন।
গত সোমবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়, ধর্ষকের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চির মতো। গায়ের রং শ্যামলা, গড়ন মাঝারি। পরনে জিনসের পুরোনো ফুলপ্যান্ট ও ময়লা কালচে ফুলহাতা জ্যাকেট, পায়ে স্যান্ডেল এবং মাথার চুল ছোট করে ছাঁটা।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ধর্ষক সন্দেহে একজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিট। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত রোববার সন্ধ্যায় কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ঢাবির ওই ছাত্রী। তার দেওয়া চেহারার বর্ণনা অনুযায়ী, ধর্ষকের একটি স্কেচ আঁকা হয়। সেই স্কেচ ধরে অনুসন্ধানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজও বিশ্লেষণ করা হয়েছে।
উল্লেখ্য, রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলা বাস স্টপে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ওই ছাত্রীকে মুখ চেপে রাস্তার পাশে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে ১০টার দিকে তার জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে অবিষ্কার করেন।
এরপর ওই ছাত্রী ঘটনাস্থল থেকে গন্তব্যে পৌঁছালে রাত ১২টার পর তাকে ঢামেক জরুরি বিভাগে নিয়ে যায় সহপাঠীরা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


