জুমবাংলা ডেস্ক : সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধ’র্ষক মজনু গ্রেফতারের ঘটনা মানুষের মধ্যে স্বস্তির বদলে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।
এ ব্যাপারে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কতটুকু অনাস্থা থাকলে, মানুষ অপরাধীকে ধরা নিয়েও প্রশ্ন তুলতে পারে। মানুষ প্রশ্ন তুলেছে এটি আসল ধ’র্ষক নাকি জজ মিয়া নাটক।’
আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ধ’র্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
এ সময় নুর বলেন, ‘আমরা জানিনা কে আসল ধ’র্ষক। ধরে নিচ্ছি সেই প্রকৃত অপরাধী, কিন্তু দেশের জন্য এটি এলার্মিং যে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দিন দিন এভাবে অনাস্থা তৈরি হয়েছে। সুতরাং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে সরকারকেই।’
ভিপি নুর বলেন, ‘দু-একটি ঘটনার প্রতিবাদ হলেও অনেকগুলো ঘটনার প্রতিবাদ না হওয়ায় ঘটনাগুলো ধামাচাপা পড়ে যায়। তাই ধর্ষণ, নারী নিপীড়নসহ সব অপরাধের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনায় সোচ্চার না হলে জোরালো পদক্ষেপ হতো না।’
নুর আরও বলেন, ‘ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত এলাকায় তনু ধর্ষণের শিকার হয়েছে। সেই ঘটনায় জোরালো প্রতিবাদ হয়েছে। কিন্তু তনু হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো বিচার না হওয়ায় আমরা ধিক্কার জানাই। রাষ্ট্রকে মেরামত করতে হলে, রাষ্ট্রের আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য তরুণ সমাজকে প্রতিবাদ করতে রাজপথে নেমে আসতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


