
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের একাধিক নারী তথ্য সংগ্রহ করতে প্রতিবেশী দেশ ভারতের অনেকের সঙ্গে ফেসবুকে বন্ধু হন। ওই নারীরা আসলে পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেন। তাদের ফাঁদে পড়ে ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য প্রকাশ করে দিয়েছেন এক সেনা সদস্য।
বাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগে আকাশ মেহরিয়া (২২) নামের ওই সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে ভারতের রাজস্থান পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযোগ উঠেছে, নারীর ফাঁদে পড়ে ওই সেনা সদস্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিয়েছেন পাকিস্তানের হাতে।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, ভারতের জওয়ান আকাশ মেহরিয়া রাজস্থানের শিকারের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই ফেসবুকে পাকিস্তানি নারী এজেন্টদের সঙ্গে যোগাযোগ করছিলেন তিনি। এরপর ফাঁসিয়ে তার কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নেন ওই নারীরা।
সম্প্রতি শিকারের লক্ষ্মণগড় তেহসিলে নিজের বাড়িতে ফিরেছিলেন আকাশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় রাজস্থান পুলিশের সিআইডি দপ্তরের কর্মকর্তারা। সেখানেই দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় আকাশকে। তারপরই গ্রেপ্তার করা হয় এই সেনা জওয়ানকে।
এ বিষয়ে রাজস্থান পুলিশ জানায়, ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন আকাশ। ২০১৯ সালে তার ট্রেনিং শেষ হয়। এরপরই সিকিমে পোস্টিং হয়। সেখানেই ফেসবুকে বেশ কয়েকজন পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে যোগাযোগ হয় তার।
তদন্তকারী কর্মকর্তারা জানান, পাকিস্তানের ওই নারী এজেন্টরা ভুয়া পরিচয় দিয়ে ফেসবুক আইডি খুলেছিল। সেই ফাঁদেই ধরা দেন আকাশ। তাদের সঙ্গে কথা বলতে বলতেই ভারতীয় সোনবাহিনীর বেশ কিছু গোপন তথ্য ফাঁস করে দেন। ফোনের মাধ্যমেই তথ্য পাচার করতেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


