Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বুধবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেছেন, নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা বরদাস্ত করা হবে না। খবর ইউএনবি’র।

‘কোনো প্রকার অবহেলা বরদাস্ত করা হবে না। আমরা যদি অভিযোগ পাই, তদন্তের পরে যারা অনিয়মে জড়িত থাকবে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ বিষয়ে কোনো আপস করা হবে না,’ বলেন তিনি।

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সিইসি এ হুশিয়ারি দেন। নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সিইসি নুরুল হুদা।

বৈঠকে তিনজন নির্বাচন কমিশনার, আইনশৃঙ্খলা বাহিনীগুলোর শীর্ষ প্রতিনিধি, ইসির সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নুরুল হুদা নির্বাচনে বিরাজমান পরিবেশের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য পদ্ধতিতে নির্বাচন আয়োজনে কমিশন আন্তরিক।

‘সবাই ঢাকা সিটির ভোটের দিকে তাকিয়ে রয়েছে। আমরা কঠোর অবস্থানে আছি। মানুষের মধ্যে ভোটের মহা উৎসবের আমেজ বিরাজ করছে। এর যথাযথ গুরুত্ব অনুধাবন করে নিজ নিজ অবস্থানে থেকে আপনাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে,’ বলেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দিকে ইঙ্গিত করে সিইসি বলেন, ইসি কোনো অনিয়ম ও অবহেলা নিয়ে কোনো অভিযোগ শুনতে চায় না। ‘মাঠের যে কোনো ইস্যু ঠিক মতো নিষ্পত্তি করুন,’ তাদের নির্দেশ দেন তিনি।

দুই সিটি নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ইভিএমের মাধ্যমে জাল ভোট দেয়া সম্ভব নয়।

‘আমাদের ইভিএম উচ্চমানের। এর মাধ্যমে কোনো জাল ভোট দেয়া যাবে না,’ বলেন সিইসি।

ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, এটি একটি অপ্রত্যাশিত ঘটনা এবং কমিশন এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে।

দুই সিটিতে ৫০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা ইসির রয়েছে। এছাড়া নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ভোটের দুই দিন আগে থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা নিয়েছে ইসি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.