
জুমবাংলা ডেস্ক : দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বেশ কিছুদিন ধরে স্বাভাবিক যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। প্রতিদিনই ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ছে শত শত যানবাহন।
মাত্র তিন কিলোমিটার নৌপথ পাড়ি দিতে এসে যানবাহনগুলোকে ২-৩ দিন পর্যন্ত দীর্ঘ সিরিয়ালে আটকে থাকতে হচ্ছে। এতে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
এর কারণ অনুসন্ধানে জানা গেছে, পদ্মা ও যমুনা নদীতে প্রবল স্রোত, ঘন ঘন ফেরি বিকল এবং শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকা।
এদিকে পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে রোববার বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বেড়ে নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হওয়ায় ঘাট এলাকায় দেখা দিয়েছেন ভাঙন।
রোববার দুপুরে সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট হতে মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার দূর পর্যন্ত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান আটকে আছে। এ সংখ্যা ৪ শতাধিক।
এছাড়াও ঘাটকে যানজট মুক্ত রাখতে ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কেরও প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে ৪ শতাধিক অপচনশীল পণ্যবাহী যানবাহন আটকে রয়েছে। দুই জায়গা মিলে দৌলতদিয়ার এ প্রান্তে ৮ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
ফেরি কর্তৃপক্ষ জানায়, তীব্র স্রোতের কারণে ফেরিগুলো সোজাপথে চলতে পারছে না। প্রায় দেড়-দুই কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে পারাপারে সময় বেশি লেগে যাওয়ায় ফেরির ট্রিপ সংখ্যাও অনেকটা কমে গেছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এ নৌরুটে অতিরিক্ত গাড়ির চাপ অব্যাহত রয়েছে। ফলে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সিরিয়াল সৃষ্টি হচ্ছে। নৌরুটে ১৮টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করলেও উভয় ঘাটে প্রতিনিয়ত যানজট লেগেই রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


