স্পোর্টস ডেস্ক : দ্রুতই ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিনক্ষণ। রিকি পন্টিংয়ের দেশ অস্ট্রেলিয়ায় বসবে বিশ্বকাপের আসর। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো দলকেই সাধারণত এগিয়ে বা পিছিয়ে রাখতে চান না ক্রিকেট বিশেষজ্ঞরা। কাগজে-কলমে দলীয় শক্তির বিচার করা হলেও নিজেদের দিনে যেকোনো দলই জিততে পারে।
রিকি পন্টিং

Advertisement

বেশ কয়েকজন ক্রিকেটারও একার দক্ষতায় বদলে দিতে পারেন ম্যাচের ফলাফল। বিশ্বকাপের জন্য সে রকমই পাঁচজনকে বাছাই করেছেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।

তার মতে, এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বিপজ্জনক ক্রিকেটারের নাম রশিদ খান। আফগানিস্তানের লেগ স্পিনারের বলের গতি ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার কাছাকাছি। সঙ্গে আছে তার বিষাক্ত গুগলি। পন্টিংয়ের মতে, রশিদের বোলিং এখনো ক্রিকেটবিশ্বের অন্যতম রহস্য। যেকোনো ব্যাটারই তার বল খেলতে সমস্যায় পড়েন। তাই রশিদকেই টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বিপজ্জনক ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন পন্টিং। তার মতে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো যদি খেলোয়াড়দের ইচ্ছামতো টাকা দিতে পারে, তাহলে রশিদই সবচেয়ে বেশি টাকা পাবেন।

পন্টিংয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বাবর আজম। এশিয়া কাপে এখনো সেরা ছন্দে দেখা না গেলেও পাকিস্তানের অধিনায়কই এখন সবচেয়ে আগ্রাসী ব্যাটার বলে মনে করেন পন্টিং। যেকোনো উইকেটে, যেকোনো বোলিং আক্রমণের বিপক্ষে বাবর সফল হতে পারেন। পন্টিংয়ের মতে, পাকিস্তান অধিনায়কের পরিসংখ্যানই তাকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারের স্বীকৃতি দিয়েছে। আইসিসির র‍্যাংকিংয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা ব্যাটার বাবর। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও তিনি বেশ দক্ষ।

পন্টিংয়ের পছন্দের তালিকায় তৃতীয় স্থানে আছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ককে কাছ থেকে দেখেছেন দিল্লি ক্যাপিটালসের কোচ পন্টিং। বদলে যাওয়া হার্দিককে দেখে তিনি মুগ্ধ। টি-টোয়েন্টি ক্রিকেটে হার্দিককেই এখন বিশ্বের সেরা অলরাউন্ডার মনে করেন পন্টিং। তার মতে, ব্যাট বা বল হাতে যেকোনো ম্যাচের রং বদলে দিতে পারেন হার্দিক। দলের ভারসাম্যতেও আলাদা মাত্রা যোগ করতে পারেন।

পন্টিংয়ের বাছাই তালিকার চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন জস বাটলার। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ককে এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বিপজ্জনক ব্যাটার বলে মনে করেন পন্টিং। আইলিএলে সামনে থেকে দেখেছেন রাজস্থান রয়্যালসের হয়ে বাটলারের ব্যাটিং তাণ্ডব। পন্টিংয়ের মতে, বাটলারের মধ্যে এমন কিছু আছে, যা অন্যদের নেই। অল্প সময়ের মধ্যে ম্যাচের ফল নিজের দলের অনুকূলে নিয়ে আসতে পারেন ইংল্যান্ড অধিনায়ক। যেকোনো পরিস্থিতিতে একা হাতে ম্যাচ জিতিয়ে দিতে পারেন।

পন্টিংয়ের বাছাই তালিকার পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন আরো এক ভারতীয়―যশপ্রীত বুমরাহ। আইপিএলের সুবাদে ভারতের এই তারকা পেসারকেও পন্টিং কাছ থেকে দেখেছেন। এখনকার বোলারদের মধ্যে বুমরাহকেই সবচেয়ে সম্পূর্ণ বলে মনে করেন পন্টিং। টেস্ট, ওয়ানডে ম্যাচ কিংবা টি-টোয়েন্টি ক্রিকেট―সব ফরম্যাটেই বুমরাহ সমান দক্ষতায় বল করতে পারেন। তিনি নতুন বলে যেমন বিপজ্জনক, তেমনি ডেথ ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং দেখে মুগ্ধ পন্টিং। উল্লেখ্য, চোটের কারণে বুমরাহ এশিয়া কাপ খেলতে পারছেন না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.