
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোটগণনায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১০ আসনে জয়ী ও ২০৭টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে ৮৩ আসনে এগিয়ে রয়েছে বিজেপি, জয় পেয়েছে একটিতে। নির্বাচনে কংগ্রেস-বাম দল ও আইএসএফের গড়া সংযুক্ত মোর্চা এগিয়ে আছে মাত্র একটি আসনে। আরেকটি আসনে এগিয়ে আছে অন্যান্যরা।
তৃণমূলে বিধাননগরে সুজিত বসু, রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি, বারাসাত থেকে চিরঞ্জিৎ চক্রবর্তী, সোনারপুর দক্ষিণে লাভলি মিত্র, খড়্গপুর সদর থেকে হিরণ চট্টোপাধ্যায়, বারুইপুর পশ্চিম থেকে বিমান বন্দ্যোপাধ্যায়, শিবপুর থেকে মনোজ তিওয়ারি ও উত্তরপাড়া থেকে কাঞ্চন মল্লিক জয়ী হয়েছেন।
রোববার ভারতীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে সকাল থেকে ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই।
সকাল থেকে ভোটের খবরের বড় আকর্ষণ ছিল নন্দীগ্রাম। সেখানে দীর্ঘ সময় পিছিয়ে ছিলেন মমতা। তবে বেলা ২টার পর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। ১৫ রাউন্ড গণনার শেষে মমতা প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর চেয়ে এগিয়ে রয়েছেন প্রায় সাড়ে ৮ হাজার ভোটে।
গত ২৭ মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট শুরু হয়েছিল। শেষ হয় গত বৃহস্পতিবার। আট দফায় ভোট পড়ার অন্তর্বর্তী গড় ৮১ দশমিক ৬ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


