
জুমবাংলা ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে পুত্রবধূর জ্বালা-যন্ত্রণা সহ্য করতে না পেরে অনিতা শিকদার (৬৩) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।
বৃদ্ধা অনিতা শিকদার উপজেলার ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের ভুগোল বিভাগের প্রভাষক সঞ্জয় শিকদারের মা। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে,উপজেলার নবগ্রাম এলাকার নবগ্রামের বৃদ্ধা অনিতা শিকদারের স্বামী প্রয়াত হাওলোধর শিকদারের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান নিয়ে বুধবার তার পুত্রবধূ বিথিকা দত্তের বাড়িতে বসে কয়েক দফা কথাকাটাকাটি হয়।
এছাড়া বৃদ্ধা অনিতাকে তার পুত্রবধূ বিথিকা বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে কারণে-অকারণে জ্বালা-যন্ত্রণা দিয়ে আসছে। এ যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃদ্ধা অনিতা অভিমান করে নিজ ঘরের পেছনে একটি ডুমুর গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে।
পুত্রবধূ বিথিকা দত্ত বলেন,কী কারণে তিনি আত্মহত্যা করেছেন আমি কিছুই জানি না। আমি ঘরে ঘুমিয়ে ছিলাম।
নিহতের ছেলে প্রভাষক সঞ্জয় শিকদার বলেন,পারিবারিক বিষয় নিয়ে আমার মা আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন,খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। থানায় একটি মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


