ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে বাহিনীটি তাদের এই ‘মহান নেতাকে’ হারানোর কথা জানিয়ে ঘাতকদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এই খবর নিশ্চিত করেছে।

ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি তাদের বিবৃতিতে খামেনেনীর মৃত্যুকে ‘শাহাদাত’ হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মানবতার চরম শত্রু ও জঘন্যতম সন্ত্রাসীদের হাতে এই মহান নেতার শাহাদাতবরণই তার ন্যায়নিষ্ঠতা এবং দেশ ও জাতির প্রতি তার আন্তরিক সেবার এক বড় প্রমাণ।
বর্বর এই হত্যাকাণ্ডের পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানিয়েছে, ইরানি জনগণের প্রতিশোধের হাত থেকে ঘাতকরা রেহাই পাবে না। অভ্যন্তরীণ ও বিদেশি যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে আইআরজিসি সদা প্রস্তুত ও অবিচল থাকবে।
এদিকে, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার পরপরই রাজধানী তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে বলে খবর পাওয়া গেছে। শোকাতুর জনতা তাদের নেতার বিদায়ে শোক প্রকাশ করছে। এর আগে, দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী দিনগুলোতে দেশজুড়ে বিভিন্ন শোকানুষ্ঠান ও শেষ বিদায় পর্ব আয়োজিত হওয়ার কথা রয়েছে।
তবে এই শোকের পরিবেশের মধ্যেই পুরো ইরানজুড়ে তীব্র বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। আজ রবিববার (১ মার্চ) সকালেও তেহরানে একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইরানিরা তাদের দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক পালন করছে।
সূত্র: আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


