
আর এবার একদম হুট করেই বিপিএলে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে তাকে দলে ভেড়ালো খুলনা টাইগার্স। একইসঙ্গে পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার আমের ইয়ামিনকেও দলে নিয়েছে খুলনা।
আজ (সোমবার) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা টাইগার্সের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন, আজই দলের সঙ্গে যোগ দেবেন আমের ইয়ামিন। আর আমলা ঢাকায় আসবেন আগামীকাল (মঙ্গলবার)। তারা দুজনই দলের সঙ্গে থাকবেন টুর্নামেন্টের শেষ ম্যাচ পর্যন্ত।
সাধারণত টেস্ট ও ওয়ানডের জন্য বিশেষ পরিচিতি হলেও, টি-টোয়েন্টি ক্রিকেটেও কম যাননি আমলা। বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৫৪ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১২৬ স্ট্রাইকরেটে ৪২৮৪ রান করেছেন আমলা। তার নামের পাশে রয়েছে ২৭টি হাফসেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি।
অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে বেশ অপরিচিতই বলতে হয় ২৯ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার আমের ইয়ামিনকে। পাকিস্তানের জার্সি গায়ে খেলেছেন ৪টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়া ৭০ টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে তার নামের পাশে। যেখানে ব্যাট হাতে ৬২৭ রান ও বল হাতে ৫৪ উইকেট শিকার করেছেন আমের।
চলতি বিপিএলে এখনও পর্যন্ত দারুণ খেলছে খুলনা। সাত ম্যাচ খেলে তারা জিতেছে ৫টিতে। তাদের পরবর্তী ম্যাচ আগামী ৩ জানুয়ারি, সিলেটে। প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল ঢাকা প্লাটুন।
খুলনা টাইগার্স স্কোয়াড :
মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, মোহাম্মদ সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, হাশিম আমলা ও আমের ইয়ামিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



