
এদিনের অনুশীলনটা একটু ভিন্ন। স্বাভাবিক সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে মাঠে আসলেন জেমি এবং তার দলবল।
আর তার কিছুক্ষণ পর মাঠে এসে উপস্থিত হন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন আহমেদ। সঙ্গে ডেভেলপমেন্ট কমিটি এবং জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির দুই চেয়ারম্যান মানিক এবং নাবিল। ঘুরে ঘুরে দেখেন ফুটবলারদের অনুশীলন।
পরে ফুটবলারদের সঙ্গে কথা বলেন বাফুফে প্রেসিডেন্ট। ম্যাচ নিয়ে দেন অভিজ্ঞতার টোটকা।
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, ‘ওদের অনুশীলন দেখলাম। কৌশল আর স্কিল বেশ ভালো। তবে, ফিটনেসে এখনো ঝামেলা আছে। যদিও করোনার কারণে এটা স্বাভাবিক। অনেকদিন খেলায় ছিলো না তারা। সময় পেলে সব স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করি। ওদের বলেছি, শতভাগ উজার করে মাঠে দাও, বাকিটা আল্লাহর হাতে।’
মাঠে এদিন কয়েকটি একাডেমি থেকে ক্ষুদে ফুটবলাররা এসেছিলো জামাল ভুঁইয়াদের সমর্থন দিতে। যেটা নজর কেড়েছে বাফুফে কর্তাদেরও। তাই, নেপাল ম্যাচেও দর্শকদের উপস্থিতি কামনা করলেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান।
জাতীয় দল কমিটির চেয়ারম্যান জানান, ‘আমি সবার কাছে ছেলেদের জন্য দোয়া চাইছি। আপনারা মাঠে আসুন, ওদের সমর্থন দিন। নেপাল শক্তিশালী টিম আমরা জানি, কিন্তু আমাদের ছেলেরা ছেড়ে কথা বলবে না। ভালো একটা রেজাল্ট আশা করছি।’
দু’এক দিনের মধ্যে জাতীয় দলের জন্য নতুন ম্যানেজারের নাম ঘোষণা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



