বাড়িওয়ালা রাজু আহমেদ ও তার ভাতিজা সোহান।
Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনা সংকটে কর্মহীন এক অসহায় ভাড়াটিয়া পরিবারকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন বাড়িওয়ালা। মঙ্গলবার বিকালে পুরান ঢাকার হোসনী দালানের শিয়া গলিতে এই অমানবিক ঘটনা ঘটে।

পুলিশ অভিযুক্ত বাড়িওয়ালা রাজু আহমেদ (৪৫) এবং এ ঘটনায় তাকে সহায়তা দানকারী ভাতিজা সোহানকে (২০) গ্রেফতার করেছে। আহত ভাড়াটিয়া মো. হান্নান (৫০) এবং তার দুই ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার ইলিয়াছ হোসেন বলেন, গত ৫ বছর ধরে পুরান ঢাকার রাজু আহমেদের বাড়ির নিচতলায় ১২ হাজার টাকা ভাড়ায় সপরিবারে থাকছেন মো. হান্নান। করোনাভাইরাসের কারণে গত তিন মাসের ভাড়া দিতে পারেননি তিনি।

মঙ্গলবার বাড়িওয়ালা রাজু আহমেদ রাস্তায় হান্নানকে পেয়ে ভাড়ার টাকা চাইলে হান্নান অপারগতা প্রকাশ করে। এরপরই রাজু ও তার ভাতিজা সোহান ওই পরিবারের ওপর চড়াও হয়। তাদের পিটিয়ে আহত করে। তিনি বলেন, বাড়িওয়ালার পিটুনিতে ভুক্তভোগী হান্নান ও তার দুই ছেলের শরীরে জখম হয়েছে। ছেলে আল আমিনের মাথায় তিনটি সেলাই পড়েছে।

ভাড়াটিয়া হান্নান জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাতে পিঠা বিক্রি করেন তিনি। তার ছেলেরা মুড়ি বিক্রি করেন। এ দিয়ে তাদের সংসার চলে। কিন্তু লকডাউন আর সাধারণ ছুটিতে রাস্তায় বের হতে না পারায় তারা কোনো উপার্জন করতে পারেননি। এ জন্য গত তিন মাসের ভাড়া পরিশোধ করতে পারেননি।

তিনি জানান, বিকালে রাস্তায় বাড়িওয়ালা রাজু ভাড়া চাইলে তিনি অগ্রিম দেয়া ৪০ হাজার টাকা থেকে কেটে রাখতে অনুরোধ করেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে রাজু তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করে। এ সময় রাজুর ভাতিজা সোহানও এসে চাচার সঙ্গে যোগ দেয়। বাবাকে মার খেতে দেখে দুই ছেলে এগিয়ে এলে তাদেরকে ব্যায়াম করার স্টিলের পাত দিয়ে আঘাত করে রাজু ও সোহান।

পুলিশ কর্মকর্তা ইলিয়াছ জানান, এসময়ে ভাড়াটিয়াদের প্রতি মানবিক ও সহযোগিতার হাত বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে এমন একটি ন্যক্কারজনক কাজ করেছে ওই বাড়িওয়ালা। এখন থেকে ভুক্তোভোগীদের ওষুধসহ দেয়াসহ যাবতীয় বিষয় দেখভাল করবে পুলিশ। এছাড়া রাজু ও তার ভাতিজাকে আসামি করে মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.