
ভারত কতটা চনমনে অবস্থায় আছেন সেটা বোঝা যাচ্ছে অধিনায়ক কোহলির কথাতেই, ‘আমিও বল করতে পারি। বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারি।’ কোহলি বলতে না বলতেই হাসির রোল পড়ে গেল সংবাদ সম্মেলন কক্ষে। তার বলা কথাটা একেবারে অমূলক নয়। ১১ বছর আগে কোহলির অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদেই তো যুব বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত।
এবার ‘বড়’দের বিশ্বকাপে ফের উইলিয়ামসনদের সঙ্গে দেখা হচ্ছে কোহলিদের। ভারত অধিনায়কের মতে সেমিফাইনাল ম্যাচে যে দল চাপ সামলাতে পারবে তারাই উঠবে ফাইনালের মঞ্চে। এই ম্যাচে কোহলি বল হাতে নেবেন কিনা সেটা একমাত্র তিনিই জানেন। আর নিলেই বা কি, ছোটদের বিশ্বকাপে উইলিয়ামসনের উইকেট নেওয়ার মধুর স্মৃতি যে আছে তার!
ওল্ড ট্রাফোর্ডে শুধু কোহলি-উইলিয়ামসনই নন, দুই দলে এমন কয়েকজন আছেন যাদের দেখা হয়েছিল প্রায় এক যুগ আগে। এবার সেই দিনটার স্মৃতি রোমন্থন করলেন কোহলি। কাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এমন কিছু ঘটতে পারে আমি কোনোদিনও ভাবিনি। শুধু আমি কেন, সেই ম্যাচে খেলা কোনো ক্রিকেটারই এমনটা ভাবেননি যে ফের দেখা হবে তাদের।’
আজকের ম্যাচে মূল লড়াইটা হবে ভারতের ব্যাটিং বনাম নিউজিল্যান্ডের বোলিং শক্তির। তাই ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে আছেন কোহলি। তিনি বলেছেন, ‘রোহিত নিয়মিত রান করছে। তার কারণে অন্যরা স্বাভাবিক ব্যাটিং করতে পেরেছে। আশা করছি এ ম্যাচেও রান করবে তারা। তবে ওদের দুজন ব্যাটসম্যান অনেক ভয়ঙ্কর। চেষ্টা করব কেন উইলিয়ামসন ও রস টেলরকে দ্রুত ফেরানোর।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



