
দলের ফর্ম, পছন্দমতো খেলোয়াড় কিনতে না পারা, একের পর এক সতীর্থদের চোট, সবমিলিয়ে ক্লাবের প্রতি অনেকটা নাখোশ বার্সা অধিনায়ক মেসি।
লা গেজেত্তে বলছে, এরমধ্যে স্পোর্টস ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে মেসির কথার লড়াই যেন সব সমস্যায় ঘি ঢেলেছে নতুন করে। এখন যে অবস্থা, সাবেক খেলোয়াড়রাই বলছেন এইবার বুঝি মেসিকে আর আটকে রাখা সম্ভব নয় বার্সার পক্ষে!
এই যখন অবস্থা, তখন নতুন করে সামনে এসেছে গত বছর মেসির বলা কথাগুলো। স্পোর্টকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চাইলে ২০১৯-২০ মৌসুম শেষে তাকে ছেড়ে দেবে দুই দশকের ক্লাব বার্সা। সবশেষ চুক্তিতে এমন একটা ধারা নাকি যোগ করেছে দুই পক্ষ মিলেই। বার্সা ছাড়তে চাইলে মেসিকে শুধু যা করতে হবে তা হল, একমাস আগে জানিয়ে রাখতে হবে ক্লাবকে।
মেসির সেই কথা শোনার পর আগ্রহী হয়েছিল অনেক ক্লাবই, একই সাথে সন্দেহও ছিল যে ক্লাব থেকে উত্থান খুব দ্রুতই নিশ্চয় সেই ক্লাব ছাড়বেন না ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা!
লা গেজেত্তে জানাচ্ছে, এবার নাকি সেই সুযোগ চলে এসেছে ইউরোপের ৫ ক্লাবের সামনে। আবিদালের সঙ্গে মেসির কথার লড়াই যে রাস্তাটা খুলে দিয়েছে- পিএসজি, ম্যানসিটি, ম্যানইউ, জুভেন্টাস ও ইন্টার মিলানের মতো দলগুলোর সামনে।
যেহেতু ট্রান্সফার বা দলবদলের ফী দিতে হবে না, সেজন্য দুহাত ভর্তি করে লোভনীয় সব প্রস্তাব রাখা হচ্ছে মেসির জন্য।
ইতালিতে গেলে বছরে ৫০ থেকে ৮৫ মিলিয়ন ইউরো করে বেতন পেতে পারেন মেসি। সংখ্যাটা যদি ৫০ মিলিয়নও ধরা হয়, সপ্তাহে এলএম টেনের বেতন হবে ৯ লাখ ইউরোর বেশি। ইতালি তো বটেই, ইংল্যান্ড-স্পেনেও এখন পর্যন্ত এত বেতন পান না কোনো ফুটবলারই! অর্থাৎ, বার্সা ছাড়লে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারের তকমাটা আরও উচ্চতায় তুলতে পারবেন আর্জেন্টাইন মহাতারকা।
বসে নেই মেসির সাবেক গুরু পেপ গার্দিওলার দল ম্যানসিটিও। বাকি চার ক্লাবের চেয়ে বরং তাদের উৎসাহই বেশি। ইংলিশ পত্রিকা ডেইলি মেইল বলছে, আবিদাল-মেসি দ্বন্দ্বের পর থেকে পরবর্তী অবস্থার দিকে সতর্ক দৃষ্টি রেখেছে সিটিজেনরা। যদিও স্প্যানিশ মিডিয়ার খবর, দুপক্ষের দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ।
তাতেও বসে নেই ম্যানসিটি। কারণ, বার্সার সঙ্গে মেসির সবশেষ চুক্তির মেয়াদ ২০২১ সালের জুন পর্যন্ত। এখন না হলে চুক্তি শেষে এমনিতেই দলছুট হয়ে পড়বেন মেসি। আর ক্লাবের বর্তমান যে অবস্থা, বার্সা অধিনায়ক নতুন করে চুক্তিতে না বসলে অবাক হওয়ারও কিছু নেই। সেই সুযোগের পূর্ণব্যবহার করতে মুখিয়ে ম্যানসিটি!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



