ময়মনসিংহের ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাস ও গোলাগুলির ঘটনায় বাবা ও ছেলেকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খোকা মিয়া এবং তাঁর ছেলে সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ রানা। তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ঝুট ব্যবসা নিয়ে বাবা খোকা মিয়া ও ছেলে তোফায়েল রানার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার সালিশ হওয়ার পরও কোনো সমাধান না হওয়ায় তোফায়েল তাঁর বাবার কারণে নিজের অফিসে বসতে পারছিলেন না। গত রবিবার (১২ এপ্রিল) দুপুরে তোফায়েল লোকজন নিয়ে অফিস খুলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।
এই সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে, যাতে অনেকেই আহত হন। বাবা খোকা মিয়ার দাবি, তাঁর ছেলে তোফায়েল রানাই তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করেছেন এবং তিনি ছেলের গুলিতেই জখম হয়েছেন। তবে এই বহিষ্কারের বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ জানান যে, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


