মানিকগঞ্জের শিবালয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা মাহবুবুল রহমান হারুন তেওতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শিবালয় উপজেলা শাখা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছেন তেওতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল রহমান হারুন। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ সংগঠনের কাছে রয়েছে।
দলীয় গঠনতন্ত্র, নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে তেওতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি’র মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে অংশ নেওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


