দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য সুখবর নিয়ে এসেছে সরকার। আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মধ্যস্বত্বভোগী এড়িয়ে স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ায় সরাসরি আন্তর্জাতিক ফুটবল সংস্থার(ফিফা) সাথে আলোচনার মাধ্যমে সম্প্রচার স্বত্ব অর্জন করা হয়েছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ ঘোষণা দেন। তিনি জানান, দীর্ঘ আলোচনার পর ফিফার সঙ্গে সরাসরি করা চুক্তিতে সম্প্রচার স্বত্বের চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়াবে ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।
তবে প্রতিমন্ত্রী জানান, এই অর্থের প্রায় পুরোটাই বিজ্ঞাপন, সম্প্রচার অধিকার এবং বিভিন্ন বাণিজ্যিক অংশীদারের কাছে স্বত্ব বিক্রির মাধ্যমে আদায় করা সম্ভব হয়েছে। ফলে বিটিভির নিজস্ব তহবিল বা রাষ্ট্রের কোষাগার থেকে উল্লেখযোগ্য কোনো অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে একটি জটিল পরিস্থিতির মুখোমুখি হয়। ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান প্রথমে প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সরাসরি আন্তর্জাতিক ফুটবল সংস্থার সঙ্গে আলোচনায় বসে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল জনগণের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা। সেই লক্ষ্য থেকেই মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি আন্তর্জাতিক ফুটবল সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয় এবং সফলভাবে চুক্তি সম্পন্ন করা সম্ভব হয়।
এ প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘদিনের আলোচনা, একাধিক বৈঠক ও দরকষাকষির মাধ্যমে শেষ পর্যন্ত গ্রহণযোগ্য মূল্যে চুক্তি সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
এ উদ্যোগের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয়ের দাবি করেছে সরকার। বিগত সরকারের সময় ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশনকে প্রায় ৯৮ কোটি টাকা ব্যয় করতে হয়েছিল। সেই সময় সরাসরি ক্রয় পদ্ধতিতে একটি বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠান থেকে সম্প্রচার স্বত্ব কেনা হয়, যা নিয়ে ব্যাপক প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছিল।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এক ফেসবুক পোস্টে জানান, সরকারের আন্তরিক প্রচেষ্টা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এবার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব হয়েছে। ফুটবলপ্রেমীদের এই আনন্দঘন সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে দেশের মানুষ বিশ্বকাপের খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এছাড়া বিটিভির পাশাপাশি সময় টিভি ও টি-স্পোর্টস সরাসরি খেলাগুলো সম্প্রচার করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



