Advertisement

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ আগেই মাত্র ৩৮ বলে ৮৪ রান করে ফিরেছিলেন সাজঘরে। তখনও বাকি ছিলো ইনিংসের ৩৪টি ডেলিভারি।  নিশ্চিত সেঞ্চুরি মিসের হতাশায়ই পুড়তে হয়েছিল কুমিল্লা ওয়ারিয়র্সের ইংলিশ ব্যাটসম্যান ডেভিড জোহানেস মালানকে। তবে আজ (মঙ্গলবার) আর ভুল করেননি তিনি।

রাজশাহী রয়্যালসের বিপক্ষে ইনিংসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত খেলে তুলে নিয়েছেন বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি। যা কি না তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এছাড়া বিপিএলের সব আসর মিলিয়ে এটি ২০তম সেঞ্চুরি। মজার ব্যাপার হলো, চলতি আসরের ২০তম ম্যাচেই টুর্নামেন্ট ইতিহাসের ২০তম সেঞ্চুরিটি করেছেন মালান।

প্রতিপক্ষের আমন্ত্রণে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের সূচনা করেছিলেন মালান। অপরাজিত ছিলেন শেষপর্যন্ত। খেলেছেন ৫৪টি ডেলিভারি। যার মধ্যে হাঁকিয়েছেন ৯টি চার ও ৫টি বিশাল ছক্কা। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে গিয়ে শততম রানটি নেন মালান।

চলতি আসরে এর আগে সেঞ্চুরি করেছেন শুধুমাত্র সিলেট থান্ডারের ক্যারিবীয় ওপেনার আন্দ্রে ফ্লেচার। খুলনা টাইগার্সের বিপক্ষে তিনি ৫৭ বলে করেছিলেন ১০৩ রান। এছাড়া নব্বইয়ের ঘরে থেমেছিলেন মুশফিকুর রহীম (৯৬) ও ভানুকা রাজাপাকসে (৯৬*)।

এ সেঞ্চুরির মাধ্যমে মালান উঠে গেছেন চলতি আসরে রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে। এখনও পর্যন্ত ৬ ম্যাচে ৭৫ গড়ে তার সংগ্রহ ঠিক ৩০০ রান। সেঞ্চুরির সঙ্গে ৮৪ রানের ইনিংস ছাড়াও দুইবার তিনি থেমেছেন চল্লিশের ঘরে। সবমিলিয়ে চলতি আসরে কুমিল্লার হয়ে ব্যাটিংয়ে প্রায় একাই লড়ছেন এ ইংলিশ তারকা।

সবমিলিয়ে বিপিএলের ইতিহাসে সেঞ্চুরি করা ১৫তম ব্যাটসম্যান হলেন মালান। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করা ক্রিস গেইল একাই হাঁকিয়েছেন ৫টি শতক। এছাড়া একাধিক সেঞ্চুরি করা অন্য ব্যাটসম্যান হলেন গেইলেরই স্বদেশি এভিন লুইস (২টি)।

আর ১টি করে সেঞ্চুরি করেছেন ডোয়াইন স্মিথ, আহমেদ শেহজাদ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, জনস চার্লস, লরি ইভানস, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, তামিম ইকবাল, আন্দ্রে ফ্লেচার ও ডেভিড মালান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.