মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। মানবিক বিবেচনায় ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি এই বিমান সংস্থাটি।

ইতোমধ্যেই আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে দুবাই থেকে আটকে পড়া প্রবাসীদের নিয়ে সফলভাবে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে প্রথম বিশেষ ফ্লাইট।
এর আগে, বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় দুবাই ত্যাগ করে ৪৩৬ জন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন এয়ারবাস এ৩৩০-৩০০।
সূচি অনুযায়ী, দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। সেখান থেকে স্থানীয় সময় রাত ১০টায় পুনরায় যাত্রী নিয়ে ঢাকার পথে যাত্রা করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইউএস-বাংলাসহ হাতেগোনা কয়েকটি এয়ারলাইন্সকে এই বিশেষ কার্যক্রমের অনুমতি দিয়েছে। এই ক্ষেত্রে যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা দ্রুত শেষ হতে যাচ্ছে, সেইসব প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।
টিকিট বুকিং বা বিস্তারিত তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের দেশি-বিদেশি সেলস সেন্টার অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্সিতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে কল করেও তথ্য জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


