
গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে এভাবে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ধোনি। নিউজিল্যান্ডের ২৪১ রানের সহজ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়েছিল। জয়ের খোঁজে লড়াই চালাচ্ছিলেন জাদেজা-ধোনি। সপ্তম উইকেটে দুজন ১১৭ রান যোগ করেন। তবে মোক্ষম সময়েই ধোনির রান-আউট ছিটকে দেয় ভারতকে। ধোনি বল হালকা পুশ করে জোড়া রানের লক্ষ্যে ছুটছিলেন। তবে মার্টিন গাপটিলের অসাধারণ থ্রো ধোনি ক্রিজে পৌঁছানোর আগেই স্ট্যাম্প ভেঙে দেয়। সেটাই ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ। তারপরে জাতীয় দলের জার্সিতে এখনও ম্যাচ খেলেননি।
ধোনি প্যাভিলিয়নে ফেরার পরে স্কোরবোর্ডে আর ৫ রান যোগ করে আউট হয়ে যান যুজবেন্দ্র চাহাল ও ভুবনেশ্বর কুমার। ২২১ রানে ভারত অল-আউট হয়ে যায়। ম্যাচ হারে ১৮ রানে। ৭ মাস পরে হৃদয় বিদারক সেই রান-আউট নিয়ে এবার মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচে রান-আউট হয়েছিলাম। তারপরে ওই ম্যাচেও রান-আউটের শিকার হতে হয়েছিল। ওই দুই ম্যাচের কথা মনে পড়লে আজও চোখ ফেটে জল আসতে চায়। নিজেকে আজও বলি, আরও আগে ডাইভ দেওয়া উচিত ছিল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



