স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো কোন বিশ্বকাপ জয় করার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। স্বভাবতই, তাদের এ সাফল্যে উদ্বেলিত গোটা জাতি।
তাই তো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ (সোমবার) সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে বেশকিছু সময় আলোচনা হয়েছে যুব ক্রিকেটারদের বিশ্বকাপ জয় নিয়ে।
যুব ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের জন্য বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
‘আমি প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর তিনি বলেন, আমিও ক্রিকেট দলসহ সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি।’
প্রধনমন্ত্রী বলেছেন, ‘এটা অত্যন্ত আনন্দের বিজয়। খেলাধুলায় এতবড় বিজয় আগে কখনো পাইনি। যুব দলের এ বিজয় মুজিববর্ষের সেরা উপহার’- মন্ত্রিসভার বৈঠক শেষে বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত সবাই এতটাই আনন্দিত ছিলেন যে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর কাছে ছুটিই চেয়ে বসেন। ‘আমাদের দলের সাধারণ সম্পাদক তো প্রধানমন্ত্রীকে বলেন, এ বিজয়ে আমাদের কয়েক দিন ছুটি দেন।’
কয়েকজন মন্ত্রীও হেসে তার কথায় সমর্থন করেন। তবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ছুটি নয়। এই খুশিতে বরং সবার এক ঘণ্টা করে বেশি কাজ করা উচিত’- জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
খেলাধুলার বিভিন্ন আসরে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়াটা নতুন নয়। তবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো অর্জনটা প্রথম এলো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হাত ধরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


