Advertisement

স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় করে এবারের ইউরো কাপে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে সুইজারল্যান্ড। সেইসঙ্গে শেষ আট নিশ্চিত করেছে তারা।

ফ্রান্স একটা সময় ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল, সেখান থেকে ৩-৩ সমতা ফেরায় সুইজারল্যান্ড। নির্ধারিত সময় পেরিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

কিন্তু অতিরিক্ত সময়েও সমতা কাটানো গেল না। ফলে ভাগ্য নির্ধারণ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। যাতে ৫-৪ ব্যবধানের জয় নিয়ে শেষ হাসি হেসেছে সুইজারল্যান্ড।

সোমবার (২৮ জুলাই) রাতে বুখারেস্টের ন্যাশনাল এরেনায় প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দ্বিতীয়ার্ধে করিম বেনজেমার দুই মিনিটের দুই গোলে এগিয়ে যায় তারা। পরে ব্যবধান ৩-১ করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেছিলেন পল পগবা।

কিন্তু নির্ধারিত সময়ের শেষ ৯ মিনিটে দুই গোল করে অবিশ্বাস্যভাবে ৩-৩ সমতা ফেরায় সুইজারল্যান্ড। ম্যাচটা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত ৩০ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটই গড়েছে ম্যাচের ভাগ্য।

শট শুরু হয় সুইজারল্যান্ডকে দিয়ে। পেনাল্টিতেও প্রথম চার শটে ছিল সমতা। পঞ্চম শটে সুইসদের পক্ষে গোল করেন মেহমেদি। কিন্তু পারেননি ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। তার জোড়ালো শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সমার। ওই এক ঝাঁপেই সব শেষ ফ্রান্সের।

ম্যাচ শুরু হতে না হতেই ১৫ মিনিটের মাথায় গোল হজম করেছিল ফ্রান্স। বক্সের বাঁ দিক থেকে সুইজারল্যান্ডের স্টিভেন জুবেরের উঁচু ক্রসের বল লাফিয়ে উঠে দারুণ হেডে জালে জড়ান হ্যারিস সেফারোভিচ। ফরাসি গোলরক্ষক হুগো লরিস বাঁ দিকে ডাইভ দিলেও নাগাল পাননি বলের।


খেলার ২৯ মিনিটে সবচেয়ে ভালো সম্ভাবনাটি নষ্ট হয় ফ্রান্সের। আদ্রিয়ান র্যাবিওটের বক্সের অনেক বাইরে থেকে নেয়া বুলেট গতির শট একটুর জন্য পোস্টের ডানদিক ঘেঁষে চলে যায়।

ফলে প্রথমার্ধে বল ৫৪ ভাগ বল দখলে রেখে ৭টি শট নিলেও (লক্ষ্যে একটিও নয়) গোলের দেখা পায়নি ফ্রান্স। অন্যদিকে ৪ শটের একটিকে গোলে পরিণত করা সুইজারল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায়।

এরপর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সুইস মিডফিল্ডার জুবেরকে পেনাল্টি এরিয়ায় পা দিয়ে আটকে ফেলে দিয়েছিলেন বেঞ্জামিন পাভার্ড।

অনেকটা সময় পর ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু রিকার্ডো রদ্রিগেজের শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে আটকে দেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস।

পেনাল্টিতে গোল বেঁচে যাওয়ার পরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ৫৭ মিনিটে এমবাপের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে সমতা ফেরান বেনজেমা। দুই মিনিটের মাথায় বক্সের ডানপাশে বল পেয়ে ক্লোজ রেঞ্জ থেকে হেডে আরও এক গোল তার।

এরপর ৭৫ মিনিটে চোখ ধাঁধানো শটে ব্যবধান ৩-১ করেন পল পগবা। বক্সের বেশ বাইরে থেকে বুলেট গতির এক বাঁকানো শটে পোস্টের ওপরের কোণ দিয়ে বল পার করেন ফরাসি মিডফিল্ডার। সুইস গোলরক্ষক বলের লাইনে ঝাঁপিয়েও নাগাল পাননি।

এর ছয় মিনিট পরই এক গোল শোধ করে সুইজারল্যান্ড। এমবাবুর ক্রস থেকে ক্লোজ রেঞ্জে পাওয়ারফুল এক হেডে নিজের দ্বিতীয় গোল তুলে নেন সেফারোভিচ। হুগো লরিস নড়ারও সময় পাননি।

তবু ফ্রান্সই জয় দেখছিল। কিন্তু নির্ধারিত সময়ের ১০ সেকেন্ডের মতো বাকি থাকতে ফের রোমাঞ্চ। জাকার দূর থেকে বাড়ানো পাস গোলপোস্টের একদম কাছে পেয়ে চোখের পলকে গোল করে দেন মারিও গাভরানোভিচ। ৩-৩ সমতায় ফেরে সুইজারল্যান্ড।

শেষ সময়ে ফ্রান্সের কপালটা খুলতে পারতো। যোগ করা সময়ে বক্সের মধ্যে বল পেয়ে বুকে রিসিভ করে পায়ে নামান কোম্যান। ডান পায়ে শটও নিয়েছিলেন। কিন্তু সেটা ক্রসবারের ওপরের দিকে লেগে ফেরত আসলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.