Advertisement

স্পোর্টস ডেস্ক : বিফলে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোল। চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে অলিম্পিক লিঁও। য়্যুভেন্তাস ২-১ ব্যবধানে ম্যাচ জিতলেও, প্রথম লেগে ফরাসি ক্লাবটি জিতেছিলো ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ম্যাচ ২-২ গোলের সমতায় থাকলেও, তুরিনে এসে স্কোর করার সুবাদে শীর্ষ আটে নাম লিখায় লিঁও।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের জন্য খুব একটা জটিল সমীকরণে ছিলো না য়্যুভেন্তাস। কিন্তু তারা চাপে ছিলো প্রথম লেগে ১-০ ব্যবধানে হারের জন্য। অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে লিও’র বিপক্ষে কোন গোল হজম না করে অন্তত ২-০ ব্যবধানে জিতলেই মিলবে শীর্ষ আটের টিকিট। এমন মানসিকতা নিয়েই মাঠে নামে বিয়াঙ্কোনেরিরা।

তবে ম্যাচের মাত্র ১২ মিনিটেই বদলে যায় সব হিসেব। লিঁও মিডফিল্ডার হওসিম অ্যাওয়ার ফাউলের শিকার হন প্রতিপক্ষের ডি বক্সে। স্পট কিকের বাঁশি বাজান রেফারি। এমন সুযোগ হাতে পেয়ে লুফে নেয় ফ্রেঞ্চ ক্লাবটি। মেমফিস ডিপেই ঠাণ্ডা মাথায় স্কোর করে সম্ভাবনা বাড়ান পরবর্তী রাউন্ডের।

শুরুতেই আচমকা লিড পেয়ে কৌশল বদলায় লিঁও। রক্ষণে ঘাপটি মেরে থাকে তাদের ডিফেন্ডাররা। ফলে স্কোরলাইন ওপেন করা কষ্টসাধ্য হয়ে উঠে য়্যুভেন্তাসের জন্য। ঘড়ির কাটায় পাল্লা দিয়ে এগিয়ে চলে ম্যাচ। অবশেষে স্বাগতিকদের স্বস্তির উপলক্ষ আসে ৪৩ মিনিটে। ম্যাচের প্রথম দিকে যেভাবে গোল হজম করেছিলো তারা, রোনালদো তারই শোধ নেন ঠাণ্ডা মাথায়।

প্রথমার্ধ পেরিয়ে ম্যাচ গড়িয়েছে দ্বিতীয়ার্ধে। স্কোরলাইনে সমতা। তবুও উৎকণ্ঠা মাওরিজিও সারির। ম্যাচটা যে জিততেই হবে। নইলে সব স্বপ্ন ধূলিসাৎ। তার চিন্তা কমান রোনালদো। ম্যাচের ৬০ মিনিটে দারুণ এক গোল করে যুভদের এগিয়ে নেন তিনি। ম্যাচে বাকি তখনও ঢের সময়। কোয়ার্টার ফাইনালের টিমটিমে বাতিটা তাদের আবারো জ্বলতে শুরু করে উজ্জ্বল শিখায়।

তবে এই ছন্দটা আর ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৭৬ মিনিটে কেবল মাত্র একটি সুযোগ তৈরি করতে সক্ষম হয় দিবালা। তবে তা যথেষ্ট ছিলো না স্কোরিংয়ের জন্য। বাকি সময়টায় বোতলবন্দি হয়ে ছিলেন রোনালদো। এরপরই রেফারির লম্বা বাঁশি। হতাশায় মুষড়ে পড়ে য়্যুভেন্তাস ফুটবলাররা। বিপরীতে হেরেও জয়ের উদযাপনে মাঠ ছাড়ে লিঁও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.