আন্তর্জাতিক ডেস্ক : ইরানের একজন কূটনীতিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে বেলজিয়ামের আদালত। ২০১৮ সালে প্যারিসের কাছে ইরানের একটি সরকারবিরোধী গোষ্ঠীর সমাবেশে ব্যর্থ বোমা হামলার পরিকল্পনার দায়ে তাকে এ সাজা দেয়া হয়।
৪৯ বছর বয়সী ওই কূটনীতিকের নাম আসাদুল্লাহ আসাদি। তিন বছর আগে ওই হামলা পরিকল্পনার অংশ হিসেবে বিস্ফোরক সরবরাহের সময় তিনি অস্ট্রিয়ায় ইরান মিশনে যুক্ত ছিলেন। পরে তাকে জার্মানি থেকে গ্রেফতার করা হয়, যেখানে তার ডিপ্লোমেটিক ইমিউনিটি বা কূটনৈতিক অনাক্রম্যতা নেই। আদালতে তিনিসহ আরো তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ২০১৮ সালে প্যারিসের বাইরে হাজার হাজার মানুষের ওই সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি গিলিয়ানি।
নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেয়ার কয়েক সপ্তাহ পর বেলজিয়ামের আদালতে এ রায় হলো। বোমা হামলার পরিকল্পনার জন্য ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়কে দোষারোপ করেছে ফ্রান্স। শীর্ষ দুই ইরানি কূটনীতিকের সম্পত্তিও জব্দ করা হয়েছে।
এই মামলার আইনজীবী জর্জ-হেনরি বুদিয়ের বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এই রায় দুটি জিনিস দেখিয়েছে: একজন কূটনীতিকও অপরাধের শাস্তি থেকে পার পেতে পারেন না…এবং কী পরিমাণ হত্যাযজ্ঞ হত সে ব্যাপারে ইরানের দায়ভার।’
ইউরোপে নির্বাসিত ইরান সরকারের বিরোধী পক্ষ ন্যাশনাল কাউন্সিল রেসিসট্যান্স অব ইরান (এনসিআরআই) ২০১৮ এর জুনে এই র্যালির আয়োজন করে। এতে গুরুতপূর্ণ আন্তর্জাতিক ব্যক্তিরা ছাড়াও ইউরোপে বসবাসরত হাজার হাজার ইরানি অংশগ্রহণ করেছিল। এই র্যালিতে হামলাই ছিল পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। এনসিআরইকে মুজাহিদিন-ই-খালক এর রাজনৈতিক অঙ্গসংগঠন হিসেবে ধরা হয়। মুজাহিদিন-ই-খালক ইরানের ইসলামিক রিপাবলিককে উৎখাতে সমর্থন দেয়।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


