
জুমবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস নিয়ে অহেতুক ভয় পাওয়ার কিছু নেই। স্বাস্থ্যবিধি মেনে চললে এ রোগ প্রতিরোধ সম্ভব। তবে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা খরচ ব্যয়বহুল। রোগীভেদে চিকিৎসা ব্যয় কমপক্ষে দেড় লাখ টাকা। তবে স্বাস্থ্যবিধি মেনে চললে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে ব্ল্যাক ফাঙ্গাস রোগ নির্ণয় ও চিকিৎসাবিষয়ক গাইডলাইনের প্রকাশনা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, হাসপাতালে ভর্তি করে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে রোগ নির্ণয় ও চিকিৎসা আবশ্যক। সময় নষ্ট না করে চিকিৎসা শুরু করতে হবে। ছত্রাকবিরোধী ওষুধ বা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ জরুরিভাবে প্রয়োগ করতে হবে। পাশাপাশি ঝুঁকিসমূহ যেমন: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, প্রয়োজনে আক্রান্ত অঙ্গের সার্জারি করতে হতে পারে বা কোনো কোনো সময় কেটে ফেলেও জীবন রক্ষা করতে হতে পারে। যেমন: রাইনো-অরবিটাল-সেরেব্রাল সংক্রমণে নাক, সাইনাস বা চক্ষুকোটরের অপারেশন, আক্রান্ত অংশ অপসারণ, চক্ষু অপসারণ, এক্সেন্টারেশন ও ইন্ট্রাক্র্যানিয়াল সার্জারি অন্যতম।
বিএসএমইউ উপাচার্য বলেন, করোনা মহামারির সঙ্গে ভারতের ব্ল্যাক ফাঙ্গাস প্রাদুর্ভাবের সম্পর্ক রয়েছে। বাংলাদেশে কয়েকটা রোগী পাওয়া গেলেও এই মুহূর্তে ভারতের মতো মহামারির আশংকা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সকল চিকিৎসক, নার্স ও কর্মীদের নিয়ে করোনা মোকাবিলায়, বিশেষ করে দ্বিতীয় ঢেউয়ের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। আইসিইউ ও বেড সংখ্যা কয়েক গুণ বাড়িয়ে, হাইফ্লো অক্সিজেনের সরবরাহ সম্প্রসারিত করে এবং পুরো উদ্যমে ভ্যাক্সিনেশনের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছে।
তিনি বলেন, ব্ল্যাক ফাঙ্গাস নিয়েও সরকার, চিকিৎসক সমাজ, সাংবাদিক ও জনগণের মনে অহেতুক আতঙ্ক দূর করে সঠিক ধারণা ও করণীয় সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে, দেশের প্রথিতযশা বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি গাইডলাইন তৈরি করার পরিকল্পনা ও এটি সংকলণন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


