ভারতের তৈরি ম্যালওয়্যার ব্যবহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে দাবি করেছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন মো. সিরাজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জামায়াতের ভাবমূর্তিতে ঈর্ষান্বিত একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে দলের শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা চালাচ্ছে। তিনি এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করে এবং নারীদের প্রতি অবমাননাকর কোনো বক্তব্য দলটির অবস্থানের প্রতিফলন নয়।
এর আগে গত শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে দলটির পক্ষ থেকে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে অননুমোদিতভাবে ওই পোস্ট প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া একই দিন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার-এর এক্স হ্যান্ডেল থেকে দেওয়া একটি পোস্ট নিয়েও বিতর্ক তৈরি হয়। এ প্রেক্ষাপটেই মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে দলটি।
জামায়াত জানায়, সাইবার হামলার ঘটনায় ইতোমধ্যে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


