আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রতিদিনই করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে সাহায্য পাঠানোর কথা জানিয়েছে। করোনার সংক্রমণ ভারতের ওপর ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপীয় দেশ ইতালি।
ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্চা এক টুইট পোস্টে বলেন, ‘গেল ১৪ দিন ভারতে প্রবেশ করেছেন এমন বিদেশি যাত্রীদের ইতালি ভ্রমণে নিষেধাজ্ঞায় আমি সই করেছি।’
করোনার দ্বিতীয় ঢেউয়ে টালামাটাল ভারত এখন প্রকট স্বাস্থ্য সংকটের মুখে রয়েছে। কোভিড-১৯ রোগের ডাবল মিউটেন্টের বিরুদ্ধেও লড়তে হচ্ছে দেশটিকে।
গত ২৪ ঘণ্টায় তিন লাখ ৪৯ হাজার ৬৯১ জনের করোনা পজিটিভ এসেছে, যেটা চতুর্থ দিনের মতো সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। মেডিকেল অক্সিজেন ও শয্যা ফুরিয়ে যাওয়ায় রোগীদের ফিরিয়ে দিচ্ছে রাজধানী দিল্লির হাসপাতালগুলো।
ইতালীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার নেগেটিভ রেজাল্ট নিয়ে ইতালির নাগরিকরা দেশে ফিরতে পরবেন। এরপর তাদের কোয়ারেন্টিনে যেতে হবে। যারা ইতোমধ্যে ভারত থেকে ইতালি পৌঁছে গেছেন, তাদেরও করোনা পরীক্ষার অনুরোধ করা হয়েছে।
রবার্তো স্পেরাঞ্চা জানান, করোনার ভারতীয় নতুন ধরন নিয়ে আমাদের বিজ্ঞানীরা গবেষণা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


