
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ আগস্ট দিনটিকে ‘দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস’ হিসেবে ভারতে পালন করার কথা ঘোষণা করেছেন।
শনিবার এক টুইট বার্তায় তিনি জানান, ১৯৪৭ সালে দেশভাগের যন্ত্রণা কোনো দিনই ভোলার নয়। আমাদের লাখ লাখ ভাইবোন নিরাশ্রয় হয়ে গিয়েছিলেন, বহুজন অকারণ হিংসার বলি হয়ে প্রাণ দিয়েছেন। তাদের সংগ্রাম ও আত্মোৎসর্গের কথা মনে রেখে স্বাধীনতা দিবসের এক দিন আগে ১৪ আগস্ট আমরা ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ হিসেবে পালন করব।
মোদি বলেন, একটা দেশ এই দিন ভাগ হয়ে দুটি দেশে পরিণত হয়েছিল- ভারত ও পাকিস্তান। এই দিনটিতে আমরা সামাজিক বিভেদের বিষ মুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে ভাবব। এখনো আমাদের দেশে যে সামাজিক অনৈক্য বিরাজ করছে, যে বৈষম্য রয়েছে, সেইসব দূর করে ঐক্যের ভাবকে শক্তিশালী করে তুলব।
এর পর আজ বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে ১৪ আগস্ট তারিখটি ‘দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস’ হিসেবে সরকারিভাবে পালন করা হবে বলে জানায়।
উল্লেখ করা যেতে পারে, আজ ভাগ হওয়া দুটি দেশের মধ্যে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয়। আগামিকাল ১৫ আগস্ট পালিত হবে ভারতের স্বাধীনতা দিবস। এর ফলে এখন থেকে পাকিস্তান যখন স্বাধীনতার উৎসব করবে, ভারত তখন স্মরণ করবে সেই দুঃখের ও ভয়াবহতার স্মৃতিগুলো, দেশভাগের পর যা লাখ লাখ মানুষের চরম দুর্গতির কারণ হয়েছিল।
সূত্র : ভয়েচ অফ আমেরিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


