রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ছোট ঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে স্থাপিত চারটি সিসি ক্যামেরার মধ্যে একটি চুরি হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরা হাসান। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছোট ঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। গত ৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয়ের সব কক্ষ তালাবদ্ধ করে তিনি স্কুল ত্যাগ করেন। পরদিন মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এসে দেখা যায়, স্থাপিত চারটি ক্যামেরার মধ্যে একটি নেই।
তিনি আরও জানান, স্কুল ছুটির পর ক্যামেরাগুলোর সংযোগ বিচ্ছিন্ন থাকায় চুরির কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, স্কুল বন্ধ থাকার সময় ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন থাকায় চোর শনাক্ত করা সম্ভব হয়নি। তবে অবশিষ্ট তিনটি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রের সার্বিক নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে মোট ১৯৮টি ভোটকেন্দ্র রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


