জুমবাংলা ডেস্ক : হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে। মামলায় ২৬ এপ্রিল বায়তুল মোকাররম মসজিদ এলাকায় হত্যার উদ্দেশ্যে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ফলে মামুনুল হকের বিরুদ্ধে হওয়া মোট মামলার সংখ্যা হলো ২০।
রোববার (২৫ এপ্রিল) রাজধানীর পল্টন থানায় আবাব আহমেদ রজবী ও মো. রুমাম শেখ নামের দুই ব্যক্তি বাদী হয়ে মামলা দুটি করেন। দুটি মামলায়ই হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুলকে প্রধান আসামি করা হয়েছে।
আবাব আহমেদ রিজভীর করা মামলার এজাহারে বলা হয়েছে, মামুনুল হকের হুকুমে হেফাজতের যুগ্ম মহাসচিব লোকমান হাকিম হাতে থাকা লোহার পাইপ দিয়ে অতর্কিতে তাঁর মাথায় বাড়ি মারেন। প্রাণ বাঁচাতে তিনি সরে যান। তখন আঘাতটি তাঁর পায়ে লেগে জখম হয়। আঘাতে তিনি মাটিতে পড়ে যান। এই অবস্থায় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব ও নাসির উদ্দিন মনির হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করেন।
অপর মামলার বাদী রুমাম একটি জাতীয় দৈনিককে বলেন, ওই দিন তিনি নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষে তাঁকে প্রচণ্ড মারধর করা হয় এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে রাখা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
এই ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম বলেন, মামলা দুটি পল্টন থানা নাকি গোয়েন্দা বিভাগ তদন্ত করবে, সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


