মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটের আমেজ ফিরতেই বল হাতে আগুন ঝরালেন তরুণ পেসার নাহিদ রানা। বছরের প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়ে একাই সফরকারী দলের টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন তিনি। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যে ভুল করেননি, তার প্রমাণ দিলেন এই গতিদানব।

ম্যাচের শুরু থেকেই পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। দশম ওভারের শেষ বলে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। ব্যক্তিগত ২৭ রানে সাহিবজাদা ফারহানকে আফিফ হোসেনের ক্যাচে পরিণত করেন তিনি। দলীয় ৪১ রানে প্রথম উইকেট পতনের পর শুরু হয় নাহিদ-শো।
দলীয় ৪৭ রানে শামিল হোসেনকে লিটন দাসের গ্লাভসবন্দি করে দ্বিতীয় সাফল্য পান নাহিদ। এরপর অন্য ওপেনার মাজ সাদাকাতকেও সাজঘরে ফেরান তিনি। দলীয় ৬৪ রানে পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকেও নিজের শিকারে পরিণত করেন এই পেসার। যখন দলীয় ৬৯ রানে সালমান আগাকে আউট করেন, ততক্ষণে নাহিদ রানা পূর্ণ করেন তার ৫ উইকেটের মাইলফলক।
আরও পড়ুনঃ ঢাকায় সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নিষেধাজ্ঞা
মাত্র ৫ ওভার বল করে ১৮ রান খরচায় ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন নাহিদ। মিরপুরের উইকেটে তার গতি ও বাউন্স সামলাতে হিমশিম খাচ্ছে সফরকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের বোলারদের দাপটে পাকিস্তান বড় সংগ্রহের লড়াইয়ে রীতিমতো ধুঁকছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


