আন্তর্জাতিক ডেস্ক : নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে দুটি ১৮ তলা বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে। বিল্ডিং দুটি ভারতের কেরালার কোচিতে অবস্থিত। সেখানে আরও দুটি বিল্ডিং ভেঙে ফেলা হবে বলে জানা গেছে।
জানা গেছে, চারটি বিল্ডিংয়ে অন্তত ৩৫০টি বিলাসবহুল ফ্ল্যাট ছিল। সেখানে বসবাস করত প্রায় ২৪০টি পরিবার। বিল্ডিং ধ্বংস করার আগে বাসিন্দাদের সরিয়ে দেয় প্রশাসন।
ওই চারটি বিল্ডিং সমুদ্র উপকূল এলাকায় নির্মাণের নিয়ম না মেনেই তৈরি হয়েছিল। এই অভিযোগে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। চার মাস আগে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কোচির মারুদু এলাকার এই বিল্ডিংগুলি ভেঙে ফেলার।
এদিকে, বিল্ডিং ভাঙার আগে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। তারপর বিল্ডিং থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয় স্থানীয়দের। পরে ‘আলফা সেরেনা’ ও ‘ এইচ২ও হোলিফেথ’ নামের টুইন-টাওয়ার ভেঙে ফেলা হয়। গোটা প্রক্রিয়া কেরালার প্রশাসনের তত্ত্বাবধানে হয়। বিল্ডিং ভেঙে ফেলার সেই ভিডিও সংবাদ সংস্থা এএনআই সহ অনেক ব্যক্তিগত হ্যান্ডলে পোস্ট হয়েছে।
দুটি বিল্ডিং ভাঙতে প্রায় ৮০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এমনভাবে বিল্ডিং দুটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের দ্বারা ভেঙে ফেলা হয়, যাতে সেগুলি কোনও দিকে হেলে না পড়ে। যেখানে বিল্ডিংগুলি দাঁড়িয়ে ছিল সেখানেই ভেঙে পড়ে।
এই এলাকায় অন্য যেসব বিল্ডিং রয়েছে, সেগুলির বাসিন্দাদের ঘরের সব বৈদ্যুতিক উপকরণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে বলা হয়, ধুলা-ধোঁয়া থেকে বাঁচতে ঘরের দরজা জানালা যাতে বন্ধ রাখেন তাঁরা।
প্রশাসন জানিয়েছে, রবিবার ১৭ তলার আরও দুটি বিল্ডিং ‘জৈন কোরাল কোভ’ ও ‘গোল্ডেন কায়ালোরাম’ ভেঙে ফেলা হবে। সুপ্রিম কোর্ট চারটি বিল্ডিংয়ের বাসিন্দাদের পরিবার পিছু ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দিয়েছিল।
Holy faith H2O apartment turned to dust. #Maradu #Kochi #Flat pic.twitter.com/5LpDAbvBcU
— Anilkumar T (@anilkumartcym) January 11, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


